
ইরানের নেতৃত্বে ফাটল, যুদ্ধের চাপ বাড়াচ্ছে বিভাজন
মার্চ ৮, ২০২৬
পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
মার্চ ৮, ২০২৬মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানের রাজধানী তেহরানে গতকাল নতুন করে ভয়াবহ বোমা হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও লেবাননসহ বিভিন্ন স্থানেও হামলা-পাল্টাহামলার খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে।
বাহরাইনের জুফায়রে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের দাবি, কেশম দ্বীপের একটি পানির প্লান্টে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এ আক্রমণ চালানো হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে বলেছিলেন, ওই মার্কিন হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহে বাধা সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।
ইরান অবশ্য ইঙ্গিত দিয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে প্রথমে হামলা না হলে তাদের ওপর আর হামলা চালানো হবে না। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলো থেকে আগে হামলা না হলে ইরান তাদের ওপর আক্রমণ করবে না। তবে এর মধ্যেই কাতার ও সংযুক্ত আরব আমিরাত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে।
কাতার জানিয়েছে, তাদের লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতেও ইরানের ড্রোন হামলার দাবি করেছে ইরানি গণমাধ্যম তাসনিম। সেখানে একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ও রাডার ব্যবস্থায় আঘাত হানার কথা বলা হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
আইআরজিসির সংক্ষিপ্ত এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মার্কিন সামরিক ঘাঁটি এবং সামরিক সহায়তা কেন্দ্রগুলো লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ অভিযানে হাইপারসোনিক ফাতাহ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি দ্রুত ছুটতে পারে। ঘণ্টায় এর গতি ৬ হাজার ১৭৪ কিলোমিটার বা ৩ হাজার ৮৩৬ মাইল।
কুয়েতের ন্যাশনাল গার্ড বলেছে, তারা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চলে ১২টি ইরানি ড্রোন এবং ১৪টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত তিনদিনে ইরানের নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ইরানের বিমান বাহিনী ও টেলিযোগাযোগ ব্যবস্থায়ও বড় ধরনের ক্ষতি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। নিজের ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে।’ তিনি আরো বলেন, ‘ইরানের বিরুদ্ধে অভিযান শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য পরিচালিত হচ্ছে।’
ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরসহ বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। এতে আইআরজিসির কুদস ফোর্সের অন্তত ১৬টি বিমান ধ্বংস হয়েছে বলে দাবি তাদের।
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এর মধ্যে ৫ হাজার ৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, ১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি বিদ্যালয় ও ১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্র।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব হামলার সময় বেশকিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।
এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত সোমবার থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে। এতে ঘানার তিনজন শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব, ঘানা এবং জার্মানি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিচারের দাবি জানিয়েছে।
এ পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টাও জোরদার হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপে ইরান ইস্যুতে সংলাপের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, দীর্ঘস্থায়ী সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।


