দেশের রাজনীতি ও রাজনৈতিক দল নিয়ে শনিবারের বিশেষ আয়োজন রাজনৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে তা’মীরুল মিল্লাত
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
চাহিদা বেড়েছে দেশী মাছের, কেনার সামর্থ্য নেই অধিকাংশ ক্রেতার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
দেশের রাজনীতি ও রাজনৈতিক দল নিয়ে শনিবারের বিশেষ আয়োজন রাজনৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে তা’মীরুল মিল্লাত
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
চাহিদা বেড়েছে দেশী মাছের, কেনার সামর্থ্য নেই অধিকাংশ ক্রেতার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

প্রথম শিশুপ্রহরে পাপেট শো দেখে উচ্ছ্বসিত খুদে পাঠকরা

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনটি হয়ে উঠেছিল শিশুদের। মেলা শুরুর পর গতকালই এবারের প্রথম ‘শিশুপ্রহর’ অনুষ্ঠিত হয়।

বইমেলার দ্বার খোলার পর থেকেই অভিভাবক ও শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন শিশু চত্বর। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলা এ বিশেষ সময়ে খুদে পাঠকরা পাপেট শো দেখে উচ্ছ্বাস প্রকাশ করে।

ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মেলায় শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিশুপ্রহরের বিশেষ সময়ে শিশুরা তাদের অভিভাবকদের হাত ধরে স্টলে স্টলে ঘুরে পছন্দের বই সংগ্রহ করে। প্রকাশকরা জানান, এবারের মেলায় শিশুদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে রঙিন কমিকস ও রূপকথার বই, সায়েন্স ফিকশন, রহস্য, ছড়া ও গণিতের মজার খেলার বইগুলো।

বিক্রেতারা জানান, উদ্বোধনী দিনের তুলনায় গতকাল বিক্রি এবং দর্শনার্থী—উভয়ই অনেক বেশি ছিল। বিশেষ করে ছড়া এবং রূপকথার বইয়ের কাটতি বেশি দেখা গেছে।

শিশুপ্রহরের মূল আকর্ষণ ছিল ‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’-এর পরিবেশনা। পাপেট শোর মঞ্চ থেকে যখন ডাক আসে, ‘বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?’ তখনই অপেক্ষারত খুদে দর্শকরা পাপেট বন্ধুদের গল্প শুনতে ভিড় জমায়। গানের তালে তালে গল্পের ছলে শিশুদের নানা শিক্ষণীয় বার্তা দেয়া হয়।

কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আশিক বলেন, ‘শিশুরা গল্পের মাধ্যমে খুব সহজে বার্তা গ্রহণ করে। আমরা আনন্দের মাধ্যমে সমাজের কুসংস্কার দূর করার চেষ্টা করছি।’ প্রতিটি শিশুপ্রহরেই ভিন্ন গল্প ও গান নিয়ে হাজির থাকবেন বলে জানান আয়োজকরা।

সকাল থেকেই অভিভাবকের সঙ্গে আসা অনেক শিশু অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। শিশুপ্রহর উপলক্ষে মেলার নির্ধারিত মঞ্চে আয়োজন করা হয় গল্প বলা, ছড়া আবৃত্তির। এছাড়া বিভিন্ন বইয়ের দোকান ঘুরে শিশুদের বই দেখে তারা। স্টলগুলোর সামনে দেখা যায় ছোটদের ভিড়। ছবি ও রঙের প্রাধান্য আছে—এমন বইয়ের প্রতি বাড়তি আকর্ষণ ছিল তাদের। কেউ রূপকথা ও ভূতের গল্পের বই হাতে নিয়ে দেখে, কেউ আবার প্রিয় লেখকের বই খুঁজে পেতে বাবা-মায়ের হাত ধরে এক স্টল থেকে আরেক স্টলে ছুটে যায়। কেউ কেউ আবার মগ্ন ছিল ‘পাপেট শো’ দেখতে।

মেলার গেট খোলা হয় বেলা ১১টার পরপরই। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে শিশু-কিশোর ও অভিভাবকরা অপেক্ষা করছিলেন। মেলায় শিশুরা ঘুরে ঘুরে বই দেখছে, ছবি তুলছে ও খেলছে। অনেকে বইও কিনছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলার উদ্বোধন করেন। তবে দ্বিতীয় দিনেও উদ্যান অংশের কিছু স্টলে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলতে দেখা গেছে। এবারের বইমেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শিশু চত্বরে রয়েছে ৬৩টি প্রতিষ্ঠান। উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরে রয়েছে ৮৭টি স্টল।

রমজান মাস উপলক্ষে এবার মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। প্রতিদিন মেলা চলবে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে শুক্র ও শনিবারসহ ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে বেলা ১১টায়। ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’। দর্শনার্থীরা প্রতিদিন রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন। ১৮ দিনের এ মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *