
জাতীয় স্মৃতিসৌধ, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
নকল, প্রশ্নফাঁস আর ফিরে আসবে না —শিক্ষামন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০২৬রমজান উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়েছে আজ।
রমজান উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়েছে আজ। গতকাল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করে। সেখানেই এ ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে। পরে মন্ত্রণালয় এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।
এদিকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় গতকাল শুরু হয়েছে টানা ৩৯ দিনের ছুটি। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। নিয়মিত ক্লাস শুরু হবে ২৯ মার্চ।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ রোববার থেকে কলেজ ও মাদরাসায় ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।
অন্যান্য বছর রোজার পুরো মাস সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার রেওয়াজ থাকলেও চলতি বছরে রোজায় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৮ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসাগুলো রোজার পুরো মাস বন্ধ ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রি ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচদিন বন্ধ ছিল। সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে। তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদরাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোর ছুটি ৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও দায়িত্ব নেয়ার পরদিন অন্তর্বর্তী সরকারের সে সিদ্ধান্ত থেকে সরে এল বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার।


