সাফ ফুটসালে ১৪ গোল করেও এশিয়ান কাপে ব্রাত্য সাবিনা!
ফেব্রুয়ারি ১, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চিকিৎসকের ছাড়পত্র পেলেন মিলার
ফেব্রুয়ারি ১, ২০২৬
সাফ ফুটসালে ১৪ গোল করেও এশিয়ান কাপে ব্রাত্য সাবিনা!
ফেব্রুয়ারি ১, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চিকিৎসকের ছাড়পত্র পেলেন মিলার
ফেব্রুয়ারি ১, ২০২৬

ঋতুপর্ণাদের এশিয়ান কাপের প্রাইজমানি কত?

আগামী মাসের শুরুতে অস্ট্রেলিয়ায় শুরু হবে উইমেনস এশিয়ান কাপ আসর।

আগামী মাসের শুরুতে অস্ট্রেলিয়ায় শুরু হবে উইমেনস এশিয়ান কাপ আসর। প্রথমবারের মতো এ আসরে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুনরা। মেয়েদের এশিয়ান কাপের ইতিহাসে এটাই ‘সবচেয়ে সফল’ হতে যাচ্ছে বলে আশাবাদ এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)। সবকিছু নিয়ে প্রত্যাশা তুঙ্গে থাকলেও খেলোয়াড়দের জন্য হতাশার কারণ হলো এ আসরের প্রাইজমানি বাড়ছে না। থাকছে আগের আসরের মতোই।

১৯৭৫ সালের ২৫ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হংকংয়ে অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের প্রথম এশিয়ান কাপ আসর। এরপর কেটে গেছে ৫০ বছর। ৫০ বছর পূর্তিকে উপলক্ষ করেই এবারের আসরটি ঘিরে থাকছে নানা আয়োজন। তবে এবার বাড়ছে না প্রাইজমানি। ২০২২ সালে ভারতে অনুষ্ঠিত সর্বশেষ আসরে শীর্ষ চার দলকে ১৮ লাখ ডলার ভাগাভাগি করে দেয়া হলেও এবার সেই অংক বাড়ছে না।

বিশ্বব্যাপী নারী ফুটবলারদের পারিশ্রমিক আর নানা টুর্নামেন্টে প্রাইজমানি বাড়ছে। এশিয়ান কাপেও প্রাইজমানি বাড়ানোর দাবি তুলেছিলেন বেশকিছু খেলোয়াড়। যদিও তাতে কর্ণপাত করেনি এএফসি, এবারের আসরে প্রাইজমানি বাড়ায়নি।

২০২৩ সালের এএফসি মেনস এশিয়ান কাপে অংশগ্রহণকারী ২৪টি দলকে দেয়া হয় ১ কোটি ৪৮ লাখ ডলার প্রাইজমানি। তখন শুধু অংশগ্রহণ ফি-ই ছিল ২ লাখ ডলার করে।

খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো এক জরিপে দেখতে পেয়েছে যে অন্তত ৮৭ শতাংশ খেলোয়াড় মনে করেন, খেলোয়াড়দের পারিশ্রমিক আর টুর্নামেন্টের প্রাইজমানি উভয়ই বাড়ানো প্রয়োজন। আসন্ন এশিয়ান কাপে অংশগ্রহণকারী অধিকাংশ দলের খেলোয়াড়রা এএফসিকে চিঠি লিখে প্রাইজমানি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির আবেদন জানিয়েছেন, যাতে এ নিয়ে আলোচনায় বসেন সংস্থাটির কর্মকর্তারা। যদিও তেমন কিছুই ঘটেনি। জানা গেছে, বিষয়টিতে যাতে দৃষ্টি দেয়া হয় তা নিশ্চিতে খেলোয়াড়রা এখন প্রকাশ্যে প্রচারণা চালাতে পারেন। যেমন আসর চলাকালে ‘বৈষম্য’ লাঘবে তাদের কোনো কর্মসূচি থাকতে পারে।

বিশ্বে যতগুলো মহাদেশীয় টুর্নামেন্ট হয় তার মধ্যে সর্বনিম্ন প্রাইজমানি দেয়া হয় এএফসি উইমেনস এশিয়ান কাপে। ২০২৫ সালের উইমেনস ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রাইজমানি ছিল ৪ কোটি ৭২ লাখ ডলার, ২০২৪ সালের উইমেনস আফ্রিকান কাপ অব নেশন্সে ছিল ৩৪ লাখ ৭৫ হাজার ডলার এবং ২০২৪ সালের কনকাকাফ উইমেনস গোল্ড কাপে ছিল ৩৭ লাখ ডলার প্রাইজমানি। আবার মেয়েদের কোপা আমেরিকায় প্রাইজমানি ছিল ২০ লাখ ডলার।

প্রাইজমানি নিয়ে এএফসির মুখপাত্র বলেন, ‘আমাদের বর্তমান পরিকল্পনা হলো এশিয়াজুড়ে মেয়েদের খেলাটিকে ছড়িয়ে দেয়া ও এর উন্নয়ন। এএফসি উইমেনস এশিয়া কাপের আয় বাড়ছে এবং আমাদের লক্ষ্য হলো এমন একটা পর্যায়ে পৌঁছানো যখন কমার্শিয়াল সাফল্যে প্রাইজমানি বাড়ানোর কাজটা সহজ হবে। মেয়েদের ফুটবল আরো বেশি বিপণন ও দৃশ্যমান করার মধ্য দিয়ে আমরা এই ব্যবধানটা ক্রমেই কমিয়ে আনতে চাইছি।’

এএফসির এ ব্যাখ্যার সমালোচনা করে ফিফপ্রোর এশিয়া/ওশেনিয়া অঞ্চলের সেক্রেটারি শোকো সুজি বলেন, আমাদের গবেষণা বলছে, বাণিজ্যিক দিক থেকেও এবারের আসরটি হবে সর্ববৃহৎ এএফসি উইমেনস এশিয়ান কাপ আসর। আমাদের বিশ্বাস, বর্তমান অবস্থান বিবেচনা করেই টুর্নামেন্টটির মর্যাদা নির্ধারণ করা উচিত এবং এর মর্যাদা বৃদ্ধির কারিগর খেলোয়াড়রাও আরো বেশি সম্মান পাওয়ার দাবি রাখে।’

এএফসি নতুন ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকেই দেয়া হয় ১৫ লাখ ডলার প্রাইজমানি। সেখানে প্রতিটি দলের অংশগ্রহণ ফি ১ লাখ ডলার এবং পরবর্তী ধাপে উন্নীত হলে থাকছে আরো প্রাইজমানি পাওয়ার সুযোগ।

এবারের এএফসি উইমেনস এশিয়ান কাপে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশসহ ১২টি দেশ। এ আসর আবার ২০২৭ সালের নারী বিশ্বকাপ (স্বাগতিক ব্রাজিল) ও ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের (লস অ্যাঞ্জেলেস) ফুটবল ইভেন্টের বাছাইপর্ব হিসেবে গণ্য হবে। এসব বিচারে ২১তম এএফসি উইমেনস এশিয়ান কাপ আসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসরে অংশ নেবে অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, ভারত, বাংলাদেশ, চাইনিজ তাইপে, ভিয়েতনাম, উজবেকিস্তান, ফিলিপাইন ও উত্তর কোরিয়া। ‘বি’ গ্রুপে নবাগত বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের সঙ্গে। চীন নয়বার ও উত্তর কোরিয়া তিনবারের সাবেক এশিয়ান চ্যাম্পিয়ন। উজবেকিস্তান এ নিয়ে ষষ্ঠবারের মতো মহাদেশীয় আসরে খেলবে। আর বাংলাদেশ এই প্রথম এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আসরে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *