মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিসিবির কড়াকড়ি
ফেব্রুয়ারি ১, ২০২৬
ঋতুপর্ণাদের এশিয়ান কাপের প্রাইজমানি কত?
ফেব্রুয়ারি ১, ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিসিবির কড়াকড়ি
ফেব্রুয়ারি ১, ২০২৬
ঋতুপর্ণাদের এশিয়ান কাপের প্রাইজমানি কত?
ফেব্রুয়ারি ১, ২০২৬

সাফ ফুটসালে ১৪ গোল করেও এশিয়ান কাপে ব্রাত্য সাবিনা!

থাইল্যান্ডের মাঠে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে কর্তৃত্ব করে শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা।

থাইল্যান্ডের মাঠে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে কর্তৃত্ব করে শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। সামনে থেকে দলটির নেতৃত্ব দেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি একাই ১৪ গোল করে দেশকে সাফ শিরোপা এনে দিতে অনন্য ভূমিকা রাখেন। যদিও অবাক করার মতো বিষয় হলো সাফ ফুটসালে অনবদ্য পারফর্ম করেও জাতীয় ফুটবল দলে ব্রাত্যই রইলেন সাবেক অধিনায়ক ও দু-দুটি সাফজয়ী দলের অধিনায়ক।

ফুটসালের সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পরপরই তিনি বলছিলেন, ডাক পেলে দেশের হয়ে আগামী উইমেনস এশিয়ান কাপে খেলতে তৈরি আছেন। যদিও তার এ আশা পূরণ হচ্ছে না। এশিয়ান কাপের ২৯ জনের প্রাথমিক দলে তাকে রাখেননি কোচ পিটার বাটলার। গত বুধবার রাতে ঘোষণা করা দলে মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা থাকলেও সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার নেই।

অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ শুরু হবে উইমেনস এশিয়ান কাপের ২১তম আসর, যা শেষ হবে ২১ মার্চ। এ উপলক্ষে বুধবার রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে উইমেনস এশিয়ান কাপের প্রাথমিক দল প্রকাশ করে বাফুফে। সেখানে সাবিনা, মাসুরার মতো গত সাফ জয়ী দলের ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলা, মিডফিল্ডার মাতসুশিমা সুমাইয়া ও ফরওয়ার্ড সানজিদা আক্তারকেও রাখেননি বাটলার। এ দলে চমক হিসেবে আছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।

২০২৪ সালে নেপালে উইমেনস সাফ জিতে আসার পর সাবিনা, মাসুরা, মাতসুশিমা সুমাইয়াসহ মোট ১৮ জন নারী ফুটবলার বিদ্রোহ করেন বাটলারের বিরুদ্ধে। তারা কোচের বিরুদ্ধে ‘বডি শেমিং’-এর মতো গুরুতর অভিযোগ তুলে তার পদত্যাগও দাবি করেন। যদিও এ বিদ্রোহ করতে গিয়ে শেষ পর্যন্ত তারাই দলে ব্রাত্য হয়ে পড়েছেন।

পরে মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়রকে জাতীয় দলে ডাকা হলেও সাবিনা, সুমাইয়া, মাসুরা, কৃষ্ণা ও সানজিদা এখনো উপেক্ষিত। এশিয়ান কাপে নিজেদের প্রথম আসরেও ডাক পেলেন না।

এটা সাবিনাদের জন্য বিরাট এক আক্ষেপের নাম হয়ে থাকবে। কেননা এই প্রথম মেয়েদের এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ৩ মার্চ চীনের বিপক্ষে, ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। চীন নয়বারের ও উত্তর কোরিয়া তিনবারের সাবেক চ্যাম্পিয়ন। উজবেকিস্তানের এটা ষষ্ঠ আসর হতে চলেছে। চীন ও উত্তর কোরিয়ার মতো পরাশক্তির সঙ্গে একই গ্রুপে খেলবে বাংলাদেশ, যদিও সাবিনা, কৃষ্ণারা এ অভিজ্ঞতা থেকে বঞ্চিতই হচ্ছেন।

গত বছর জানুয়ারিতে বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করাদের মধ্যে প্রাথমিক দলে মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা, শামসুন্নাহারদের অনেকেই আছেন। ঠাঁই মেলেনি সাবিনা, কৃষ্ণা, নীলা, সানজিদা, মাসুরার। সাবিনার নেতৃত্বে সাফ উইমেনস ফুটসালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় তাদের দলে না থাকা নিয়েও চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

এমন পরিস্থিতিতে প্রাথমিক দল নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন বাটলার। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় উইমেনস এশিয়ান কাপের জন্য দল চূড়ান্ত করার আগে যে পরিবর্তন আসতে পারেন, ফেসবুক পোস্টে সে ইঙ্গিত দিয়েছেন বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল নিয়ে নেপালে অবস্থান করা এ ইংলিশ কোচ। তিনি বলেছেন, ‘আমি একটি বিষয় পুরোপুরি পরিষ্কার করে দিতে চাই যে আমি এখনো চূড়ান্ত দল ঘোষণা করিনি, সবার জন্যই সুযোগ উন্মুক্ত রয়েছে। আমরা বর্তমানে খেলোয়াড়দের নিয়ে একটি প্রাথমিক অনুশীলন দল গঠন করেছি। লিগে পাওয়া চোটের কারণে কয়েকজনের খেলা নিয়ে সংশয় রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রস্তুতির জন্য বিদেশে অনুশীলন ক্যাম্প আয়োজন করা সম্ভব হয়নি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই আমি নেপালে অনূর্ধ্ব-১৯ দলটিকে পর্যবেক্ষণ করার পাশাপাশি এ বর্তমান দলটিকে সাতদিনের জন্য মূল্যায়ন করছি। অনূর্ধ্ব-১৯ দলের এক-দুজন অসাধারণ তরুণ প্রতিভা এএফসি এশিয়ান কাপের জন্য আমাদের বিবেচনায় রয়েছে।’

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে জাতীয় হ্যান্ডবল দলের কোচ ডালিয়া আক্তার মনে করেন, শৃঙ্খলার জন্য শাস্তি দেয়া যেতে পারে, তবে তা যেন দীর্ঘমেয়াদি হয়ে খেলোয়াড়ের ক্যারিয়ার ধ্বংস না করে। এ নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘দল নির্বাচনের এখতিয়ার অবশ্যই কোচের। কিন্তু ভালো পারফরম্যান্স থাকলে আর শৃঙ্খলাজনিত সমস্যা কেটে গেলে দলে ভেড়ানো উচিত। শৃঙ্খলার কারণে কেউ একটা সময় পর্যন্ত শাস্তি পেতেই পারে। কিন্তু তা লম্বা সময় হওয়া উচিত নয়। একজন খেলোয়াড় শৃঙ্খলার মধ্যে ফিরে এলে তার জন্য দরজা খোলা রাখা উচিত। শেষ কথা হলো ব্যক্তির আগে দল এবং সবার আগে দেশ।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদও মনে করেন, ফুটসালে সাফজয়ী দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের যোগ্যতা আছে এশিয়ান কাপের দলে জায়গা পাওয়ার। তিনি বণিক বার্তাকে বলেন, ‘প্রথমেই ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় তাদের অভিনন্দন জানাই। তাদের কয়েকজনকে এশিয়ান কাপে দেখতে পারলে ভালো লাগত, সেই যোগ্যতা তাদের আছে। তবে কেন যে তাদের নেয়া হচ্ছে না, সেই বিষয়টা দেখা উচিত।’

বাংলাদেশের প্রাথমিক দল: শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তনিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, সুলতানা, উম্মে কুলসুম, নবিরন খাতুন, ফেরদৌসী আক্তার, কোহাতি কিসকু, আইরিন খাতুন, সুরমা জান্নাত, সাগরিকা, উমহেলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুঁই, আনিকা রানিয়া সিদ্দিকী ও উন্নতি খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *