
আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস
জানুয়ারি ৩১, ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে চীন ও বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধি দলের বৈঠক
জানুয়ারি ৩১, ২০২৬সবে মুকুল আসতে শুরু করেছে দেশীয় আমের। পাকা আম বাজারে আসতে এখনো চার মাসের মতো সময় লাগবে।
সবে মুকুল আসতে শুরু করেছে দেশীয় আমের। পাকা আম বাজারে আসতে এখনো চার মাসের মতো সময় লাগবে। তবে এরই মধ্যে দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে গোবিন্দভোগ আম। মূলত এটি সাতক্ষীরা অঞ্চলের সুস্বাদু, সুগন্ধি ও প্রিমিয়াম জাতের আম। ভারতের পশ্চিমবঙ্গেও পাওয়া যায় এ আম। মে মাসের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত বাজারে পাওয়া যায়। মিষ্টি ও সুগন্ধযুক্ত আমটি হিলি বাজারে আসছে ভারত থেকে।
হিলি বাজারের ফলহাটিতে থাকা এক দোকানে আমের পসরা সাজিয়ে বসেছেন দোকানি। প্রতি কেজি বিক্রি করছেন ৫৫০ টাকা। যদিও কেউ কেউ বলছেন, এটি বারোমাসি কাটিমন জাতের আম।
বাজারে আম কিনতে আসা আনোয়ার হোসেন বলেন, ‘হঠাৎ করেই ছেলে সকাল বেলা ঘুম থেকে উঠে আম খাওয়ার জন্য জিদ ধরে। যেহেতু দেশীয় আম আসতে আরো সময় বাকি রয়েছে, তার পরও ফলের দোকানে আম উঠেছে কিনা দেখতে এসেছিলাম। বাজারে এসেই তো আমি অবাক! ফলের দোকানে বিক্রি হচ্ছে হলুদ বর্ণের আম। দাম বেশি হলেও ছেলের জন্য এক পিস কিনেছি।’
ভ্যানচালক আব্দুল খালেক বলেন, ‘ফলের দোকানে আম দেখে দাম জিজ্ঞেস করেছিলাম। প্রতি কেজি ৫৫০ টাকা বিক্রি হচ্ছে। এত দাম দিয়ে আম কিনে খাওয়ার সামর্থ্য নেই আমাদের। শুধু চোখের দেখা দেখলাম। দেখি আরো কিছুদিন যাক, দেশীয় আম যখন বাজারে আসবে, তখন কিনে খাব।’
হিলি বাজারে আম কিনতে আসা মিরাজুল ইসলাম বলেন, ‘আজকেই প্রথম হিলি বাজারে আম দেখতে পেলাম। বছরের প্রথম ফল হিসেবে ছেলেমেয়েদের জন্য আধা কেজি আম কিনেছি। এখন কেমন হবে, মিষ্টি বা টক, সেটিই দেখার বিষয়। তার পরও মৌসুমের নতুন ফল হিসেবে কিনলাম। তবে দামটা অত্যধিক। সবাই তো এ দামে আম কিনতে পারবে না।’
আম বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে সবে আমের মুকুল আসতে শুরু করেছে। বাজারে আম আসতে এখনো অনেক সময় লাগবে। বাজারে যে গোবিন্দভোগ পাওয়া যাচ্ছে, তা ভারত থেকে আসছে। প্রতি কেজি আম ৪৫০ টাকায় কিনে ৫৫০ টাকা বিক্রি করছি। মৌসুমের প্রথম ফল হিসেবে অনেকেই আমের স্বাদ নিতে অল্প করে কিনছেন। আবার কেউ কেউ দাম শুনে চলে যাচ্ছেন। আগেভাগেই আম বাজারে আসায় দামও একটু বেশি। তবে যতদিন যাবে, তত আরো বিভিন্ন জাতের আম আসতে শুরু করবে। তখন দাম আরো কমে আসবে।’


