মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে দুই কিশোর আহত
জানুয়ারি ২৮, ২০২৬
মুন্সিগঞ্জে তিন আসনের দুটিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী
জানুয়ারি ২৮, ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে দুই কিশোর আহত
জানুয়ারি ২৮, ২০২৬
মুন্সিগঞ্জে তিন আসনের দুটিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী
জানুয়ারি ২৮, ২০২৬

আমাকে ভোট দিলে জয়ী হবেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রাশেদ খান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রাশেদ খান। এর আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। তার সাক্ষাৎকার নিয়েছেন বণিক বার্তার ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদ

ভোটাররা কেন আপনাকে ভোট দেবে?

ঝিনাইদহ-৪ আসনের মানুষ মূলত ধানের শীষ প্রতীকের প্রতি তাদের ভালোবাসার জন্য ভোট দেন। যাকে ধানের শীষের মনোনয়ন দেয়া হয়েছে তিনি সেই ভালোবাসা পান। এখানকার মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে ভালোবাসেন এবং তাদের দেখেই রাজনীতি করেন। তাই ব্যক্তিগত পরিচয়ের চেয়ে এখানে তারেক রহমানের নির্দেশনাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি আমাকে তার প্রতিনিধি হিসেবে এখানে পাঠিয়েছেন। আমাকে ভোট দিলে বিজয়ী হবেন তারেক রহমান। আমি আশা করি, এলাকাবাসী বিএনপিকে ক্ষমতায় আনার জন্য অবশ্যই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওপর আপনার শ্রদ্ধা কতটা?

আমি সবসময় সহনশীলতায় বিশ্বাস করি। কাউকে নিয়ে কখনো বিরূপ মন্তব্য করিনি। যেহেতু আমি এলাকার সন্তান—ঝিনাইদহই আমার নিজ জেলা এবং সদর উপজেলায় আমার জন্ম—সদরের একাংশ ও কালীগঞ্জ ইউনিয়ন নিয়ে ঝিনাইদহ-৪ আসন গঠিত। এলাকার সন্তান হিসেবে সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা আমার কর্তব্য ও দায়িত্ব। যে দলেরই হোক না কেন বা যে প্রার্থী নির্বাচনে অংশ নিন, আমি সবাইকে শুভকামনা জানাই। আমি ইতিবাচক রাজনীতি করতে চাই এবং পরিবর্তনের রাজনীতি করতে চাই। আমি দৃঢ় আশাবাদী, মানুষ পরিবর্তনের পক্ষেই থাকবে।

ভোটে হেরে গেলে মেনে নেবেন কিনা?

হারজিতের বিষয় সম্পূর্ণভাবে জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করে, আর নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। তবে আমি এখনো আশাবাদী, ইনশা আল্লাহ আমি বিজয়ী হব। কারণ এ ক্ষেত্রে বিএনপির নেতারা আমার পাশে আছেন এবং হাই কমান্ডের নির্দেশনা রয়েছে। আমি আশাবাদী, এলাকাবাসী সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আমাকেই বেছে নেবেন, ইনশা আল্লাহ।

জয়ী হলে এলাকার জন্য কোন বিষয়গুলো অগ্রাধিকার দেবেন?

জয়ী হলে আমি শিক্ষা, চিকিৎসা, কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দেব। পাশাপাশি মাদক নির্মূল, দুর্নীতি বন্ধ করা, রাস্তাঘাটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি—এসব বিষয় আমার লক্ষ্য হবে। যেহেতু কালীগঞ্জে চিনিকল রয়েছে, তাই এ শিল্পপ্রতিষ্ঠানকে আরো কার্যকরভাবে ব্যবহার ও ঢেলে সাজানোর বিষয়টিও আমার অগ্রাধিকারের তালিকায় থাকবে।

পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা এলাকায় নিরাপদে থাকতে পারবেন কি?

অবশ্যই পারবেন। বিভিন্ন দল ও মতের মানুষ সবাই নিরাপদে বসবাস করতে পারবেন। কোনো ধরনের সমস্যা হবে না।

এমপি হলে সম্মানী ও বরাদ্দের হিসাব জনসমক্ষে প্রকাশ করবেন কিনা?

আমার সবকিছু জনসমক্ষে প্রকাশ করা হবে। জনগণের জন্য রাজনীতি ও জনগণের কল্যাণের জন্য যা করার প্রয়োজন, আমি তা করব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *