সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
জানুয়ারি ২৮, ২০২৬
আমাকে ভোট দিলে জয়ী হবেন তারেক রহমান
জানুয়ারি ২৮, ২০২৬
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২
জানুয়ারি ২৮, ২০২৬
আমাকে ভোট দিলে জয়ী হবেন তারেক রহমান
জানুয়ারি ২৮, ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে দুই কিশোর আহত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশী কিশোর গুরুতর আহত হয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশী কিশোর গুরুতর আহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির জেরে এ ঘটনা ঘটেছে।

আহত গুলিবিদ্ধ কিশোররা হলো হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেল (১৩) ও ওবাইদ উল্লাহ (১৫)। স্থানীয় ও আহতদের পরিবারের ভাষ্যমতে, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিল ওই দুই কিশোর। এ সময় হঠাৎ মিয়ানমারের ভেতরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে সেখান থেকে ছোড়া গুলি এসে ওই দুই কিশোরের শরীরে লাগে। পরে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা দুজনই উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে র‌্যাব ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্তে গোলাগুলির ঘটনায় দুজন কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিজিবি নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল, বোমা বিস্ফোরণ ও গোলাগুলি অব্যাহত রয়েছে। রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী। আরাকান আর্মির সঙ্গে স্থলভাগেও সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র তিনটি গোষ্ঠী। এ কারণে সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। গত ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে হুজাইফা আফনান নামে এক বাংলাদেশী শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। এর পরের দিন একই এলাকায় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আবু হানিফ নামে এক জেলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *