বাংলাদেশ দল ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড
জানুয়ারি ২০, ২০২৬
গ্রিনল্যান্ড সংকট: ট্রাম্পের আগ্রাসী নীতির মুখে খোলস ছেড়ে বেরোচ্ছে ইউরোপ
জানুয়ারি ২০, ২০২৬
বাংলাদেশ দল ভারতে না গেলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড
জানুয়ারি ২০, ২০২৬
গ্রিনল্যান্ড সংকট: ট্রাম্পের আগ্রাসী নীতির মুখে খোলস ছেড়ে বেরোচ্ছে ইউরোপ
জানুয়ারি ২০, ২০২৬

ভোটের প্রচারণা শুরু বৃহস্পতিবার ব্যবহার হবে না পোস্টার, সামাজিক যোগাযোগমাধ্যম ঘিরে জোর পরিকল্পনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে আগামীকাল। পরশু শুরু হবে নির্বাচনী প্রচারণা। এবারই প্রথম নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে আগামীকাল। পরশু শুরু হবে নির্বাচনী প্রচারণা। এবারই প্রথম নির্বাচনে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ফলে সরাসরি জনসংযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ঘিরে নির্বাচনী প্রচারণা চালানোর জোর পরিকল্পনা করছে রাজনৈতিক দলগুলো। ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণে গুরুত্ব দিচ্ছে তারা।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে এরই মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। এরপর ২২ জানুয়ারি শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।

বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার পরিকল্পনা চূড়ান্ত হয়ে এসেছে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে জনসভা, জনসংযোগ, উঠান বৈঠকের মতো কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি নির্বাচনে পোস্টারের ব্যবহার নিষিদ্ধ থাকায় এবং তরুণ ভোটারদের মনোযোগ পেতে সামাজিক যোগাযোগমাধ্যম ঘিরে ব্যাপক পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে ভোটারকে আকৃষ্ট করতে নির্বাচনকেন্দ্রিক গান তৈরি হয়েছে। পাশাপাশি বিভিন্ন আসনের প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকার জন্য দেয়া প্রতিশ্রুতি জনগণের সামনে সহজে তুলে ধরতে ফেসবুক ও ইউটিউবভিত্তিক কনটেন্ট তৈরি করছেন। প্রচারণার শুরুর দিন থেকে এগুলো প্রচার হবে।

এবারই প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ১১ নভেম্বর ইসির প্রকাশিত গেজেট অনুযায়ী, পরিবেশ দূষণ রোধ ও ব্যয় নিয়ন্ত্রণের জন্য নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রার্থীর পক্ষে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। ইসি জানিয়েছে, ড্রোন ব্যবহার ও বিদেশে প্রচারণা কার্যক্রমে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।

নতুন বিধিমালায় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায়ও কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রচারণা চালানো নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেড় লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্তের পর প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও ইসিকে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগে ২১ জানুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছবেন। ২২ জানুয়ারি সকালে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন। এদিন বেলা ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

সিলেটের জনসভা শেষে তারেক রহমান ঢাকা-সিলেট সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। এ সময় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় আইনপুর খেলার মাঠে দিনের দ্বিতীয় জনসভায় যোগ দেবেন তিনি। বেলা ১টা থেকে ২টার মধ্যে তিনি জনসভায় উপস্থিত হবেন বলে জানানো হয়েছে। পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় অংশ নেবেন।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, জনসভা বা জনসংযোগের পাশাপাশি দলীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর জোর দেয়া হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিভিন্ন প্রচারণামূলক ভিডিও তৈরি করা হয়েছে। ইসির বিধি অনুযায়ী সেগুলো প্রচার করা হবে। একই সঙ্গে প্রার্থীদের পক্ষে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাবেন।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘দেয়ালে পোস্টার লাগানো নিষেধ থাকায় আমরাও এটি থেকে বিরত থাকব। আচরণবিধি মেনে লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার ও ফেস্টুনসহ অন্যান্য প্রিন্টিং ম্যাটেরিয়ালের মাধ্যমে প্রচারণা চালানো হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রচারণার জন্য আমাদের আইটি সেল ও মিডিয়া সেল রয়েছে। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কনটেন্ট তৈরি করে বিএনপির পরিকল্পনাগুলো সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। এ কাজগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আরো নতুন নতুন কনটেন্টের মাধ্যমে জনমানুষের কাছে দলের পরিকল্পনা পৌঁছে দেয়া হবে।’

গতকাল বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থীদের বিধিবিধান মেনে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।

ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২২ জানুয়ারি ঢাকায় জনসভার মাধ্যমে প্রচারকাজ শুরু হবে। ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন দলটির শীর্ষ নেতৃত্ব। এ সময় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন জনসভায় ভাষণ দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের আকৃষ্ট করতে গান ব্যবহার করা হবে। পাশাপাশি জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারকে বিভিন্ন ফেসবুক বা ইউটিউব কনটেন্টের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করা হবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তরুণ নেতৃত্বনির্ভর দল। তারা কীভাবে নির্বাচনী প্রাচরণার পরিকল্পনা করছেন জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনিরা শারমিন বণিক বার্তাকে বলেন, ‘সামাজিক যোগযোগমাধ্যমকে কেন্দ্র করেই মূলত আমাদের প্রচারণাটা হবে। সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা শাপলা কলির একটি গান তৈরি করছি। সেই গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক জায়গাটাতেও গুরুত্ব দিচ্ছি।’

স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অনানুষ্ঠানিক প্রচারণার ভিডিও ও ছবি ফেসবুকে শেয়ার করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেয়ার ছবিও সেখানে প্রকাশ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *