
রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ, ব্যবস্থা নিতে চিঠি
জানুয়ারি ১৯, ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ
জানুয়ারি ১৯, ২০২৬সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘শাসানোর’ ঘটনায় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাধীন লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়াকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘শাসানোর’ ঘটনায় নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাধীন লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়াকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সাইদুর রহমান কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলাধীন লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য এবং আদালত অবমাননা করেছেন। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে চলমান মোবাইল কোর্টে বাধা প্রদান ও অসম্মান করে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন।
এসব অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইনবহির্ভূত উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইদুর রহমান ভূইয়ার সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
গণমাধ্যমের খবর অনুযায়ী, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছিলেন চেয়ারম্যানের ভাই মো. পারভেজসহ কয়েকজন। এ খবরে উপজেলা প্রশাসন শনিবার বিকালে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং অভিযুক্ত পারভেজকে আটক ও অর্থদণ্ড করেন। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান এলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় ইউপি চেয়ারম্যানকে বলতে শোনা যায় ‘আপনি কেন মোবাইল কোর্টে আসলেন। কার কাছে জিজ্ঞেস করে আসছেন।’


