
জাতীয় নিরাপত্তাবিষয়ক নীতি সংলাপে বক্তারা শুধু সীমান্ত সুরক্ষাকেই জাতীয় নিরাপত্তা ভাবার সুযোগ আর নেই
জানুয়ারি ১৩, ২০২৬
ক্রু ও লোকোমোটিভ সংকটে মাসে বন্ধ থাকছে প্রায় ৬০০ ট্রেন
জানুয়ারি ১৩, ২০২৬সরকারি বরাদ্দের ৫০ শতাংশ টাকাই সংসদ সদস্যরা নিজেদের পকেটে ভরেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
সরকারি বরাদ্দের ৫০ শতাংশ টাকাই সংসদ সদস্যরা নিজেদের পকেটে ভরেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। গতকাল বিকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘এমপি চুরি না করলে সরকারি হোক বা বেসরকারি, কাজে অসুবিধা হয় না। সরকারি ও স্বতন্ত্র এমপির বরাদ্দ সমান। সমস্যা হলো, এমপিরা বরাদ্দের ৫০ শতাংশ নিজের পকেটে ভরেন, তাদের সহযোগীরা ২৫ শতাংশ ও ঠিকাদাররা ২০ শতাংশ নেন, আর কাজ হয় মাত্র ৫ শতাংশ টাকার। এমপি যদি সৎ হন, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার।’
বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানা আরো বলেন, ‘আমাদের কথা মানবে না এমন কোনো সরকার নাই।’ না মানলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেয়ার ইঙ্গিত দেন তিনি।
ভোটে পানিশ্বর এলাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘পানিশ্বরের জোয়ার সরাইল-আশুগঞ্জে ছড়ায়। পানিশ্বরের জনগণ যাকে ভোট দেন তিনি এমপি হন। আমি এখানে সফল হব। আমার বাবাকে যেমন জিতিয়েছেন, আমাকেও জেতাবেন।’
এলাকার উন্নয়নে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘প্রবাসীরা দেশের ও গ্রামের অর্থনীতির চাকা সচল রাখেন। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা সংসদ সদস্যদের দায়িত্ব।’
নিজের সম্পর্কে রুমিন ফারহানা বলেন, ‘আমার পরিবারের কেউ দেশে নেই, আত্মীয়রা বিদেশে। তাই আমার পিছুটান নেই। নির্বাচনের জন্য বিদেশের আত্মীয়-স্বজনরা উল্টো আমাকে সামান্য সহযোগিতা করছেন। জয়ী হওয়ার পর ফল নেয়ার জন্য তারা এ দেশে আসবেন না। সেই ফল কিন্তু আমার এলাকার জনগণ পাবে।’
একই আসনে বিএনপি জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিব।
তিনি বলেন, ‘আগামী ২২ তারিখ প্রতীক জেনে যাবেন। হাঁস মার্কাই আমার লক্ষ্য। আমার চেষ্টা থাকবে হাঁস মার্কাতেই নির্বাচন করব।’


