
প্রথম পাঁচ সিনেমায় ব্যর্থ বলিউডের শীর্ষ ধনী প্রযোজক রনি স্ক্রুওয়ালা
জানুয়ারি ১২, ২০২৬
স্প্যানিশ সুপার কাপ বার্সাকে গার্ড অব অনার না দিতে সতীর্থদের নির্দেশ ‘সোর লুজার’ এমবাপ্পের
জানুয়ারি ১২, ২০২৬গত বছর শোবিজ অঙ্গনে নিজের প্রতিভা ও উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছেন সাদিয়া আয়মান।
গত বছর শোবিজ অঙ্গনে নিজের প্রতিভা ও উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছেন সাদিয়া আয়মান। নতুন বছরের শুরুতেই তার নাটক ‘অ-দূরের কেউ’ মুক্তি পেয়েছে, যা এরই মধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নতুন আরো দুটি নাটকের শুটিংও শুরু করতে যাচ্ছেন তিনি।
সাদিয়া আয়মান জানিয়েছেন, বছরের প্রথম কাজ হিসেবে দর্শক যে সাড়া দিয়েছেন, তা অত্যন্ত উৎসাহজনক। তিনি বলেন, ‘সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে। সামাজিক মাধ্যমে অনেক আলোচনা হয়েছে। বছরের শুরুতেই দারুণ প্রতিক্রিয়া পাচ্ছি।’
তবে নতুন বছরের কাজের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘এখনো নতুন কোনো কাজ হাতে নিইনি। গত বছরের প্ল্যান থেকে বেরিয়ে এসে এবার গল্প ও নির্মাতাকে আরো প্রাধান্য দিতে চাই। বিগত কাজগুলো ভালোই ছিল, তবে এখন দর্শকের প্রতি দায়িত্ব বেড়ে গেছে। সে দায়িত্ববোধ থেকেই এবার আরো সচেতনভাবে কাজ করতে চাই।’
সাদিয়া আয়মান এরই মধ্যে দুটি নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন, একটি সাগর জাহানের, অন্যটি মিশুক মিঠুর।
সাদিয়া গত বছরের শেষের দিকে একটি ওয়েব ফিল্মেও কাজ করেছেন, যা ভালোবাসা দিবসে মুক্তি পাবে। তিনি বলেন, ‘দর্শক সাধারণত আমাকে রোমান্টিক গল্পে আশা করেন। কিন্তু এবার গল্পটি পুরোপুরি ভিন্ন। এটি একটি পরিবারের গল্প। এ গল্পে আছে মা-বাবা, মেয়ে, একটি বিড়াল ও পরিবারের কাজের লোক। আমি ফিল্মটির গল্প ব্যক্তিগতভাবে খুব পছন্দ করেছি।’
চলচ্চিত্র নিয়ে তিনি বলেন, ‘নিয়মিত প্রস্তাব পাচ্ছি। কিন্তু ‘‘উৎসব’’-এর মতো একটি বিগ হিট সিনেমা করার পর অন্য কোনো কাজ হাতে নেয়া একটু সময়সাপেক্ষ। ভালো গল্প ও নির্মাতার অপেক্ষায় আছি। আশা করছি, শিগগিরই আমার অপেক্ষার পালা শেষ হবে।’


