
মিয়ানমারে পণ্য পাচারের সময় আটক ২২
ডিসেম্বর ২৫, ২০২৫
গুলশানের বাড়িতে পৌঁছেছেন জোবাইদা ও জাইমা রহমান
ডিসেম্বর ২৫, ২০২৫ফেসবুক স্ট্যাটাসে মীর আরশাদুল হক বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ও তাদের জোট সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থানের মতো মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট খাতে তারেক রহমান একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন, যা তাকে আকৃষ্ট করেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাহী কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণাও দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পদত্যাগের সরাসরি কারণ উল্লেখ না করলেও জামায়াতের সঙ্গে এনসিপির রাজনৈতিক সমঝোতা নিয়ে অসন্তোষের ইঙ্গিত পাওয়া গেছে তার বক্তব্যে। একই স্ট্যাটাসে তিনি বিএনপির প্রতি প্রকাশ্য সমর্থনও জানান।
এনসিপির নির্বাহী কাউন্সিল ছাড়াও মীর আরশাদুল হক দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। তিনি পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বও পালন করছিলেন। দলটির পক্ষ থেকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে তার প্রার্থী হওয়ার কথা থাকলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে মীর আরশাদুল হক বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ও তাদের জোট সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থানের মতো মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট খাতে তারেক রহমান একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন, যা তাকে আকৃষ্ট করেছে।
এনসিপির কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রত্যাশা নিয়ে দলটির যাত্রা শুরু হয়েছিল, গত ১০ মাসের অভিজ্ঞতায় তা পূরণ হয়নি। দল ও দলের একটি বড় অংশ ভুল পথে পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে এনসিপির অবস্থান জানতে চাইলে চট্টগ্রাম-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ বণিক বার্তাকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মীর আরশাদুল হকের দল থেকে পদত্যাগের বিষয়টি আমরা শুনেছি। তবে অফিসিয়ালি এ বিষয়ে আমরা এখনো অবগত নই।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ বর্তমানে গণতান্ত্রিক উত্তরণের এক সন্ধিক্ষণে অবস্থান করছে। এনসিপি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল। শুধুমাত্র ক্ষমতা অর্জন নয়, বরং মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দেশের মাটিতে রাজনৈতিক শক্তি হিসেবে রাজনীতির মাঠে সক্রিয় থাকব।’
এ বিষয়ে বক্তব্য জানতে মীর আরশাদুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া এনসিপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


