
বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের মোট সম্পদ ২.৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে
ডিসেম্বর ১৮, ২০২৫
এক হাদি, হাজারো প্রতিধ্বনি
ডিসেম্বর ১৮, ২০২৫ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমান। তাকে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমান। তাকে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে দলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এটিই বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। গতকাল আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। এ দুজনকে কেনার সময়ই তাদের প্রতিদ্বন্দ্বিতা হয় চেন্নাই সুপার কিংসের সঙ্গে।
মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তিনি এর প্রায় পাঁচ গুণ দাম পেলেন। ২০১৬ সাল থেকে আইপিএল খেলা মুস্তাফিজ নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বলেই ২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেন। ৩০ বছর বয়সী মুস্তাফিজ এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। এবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। আইপিএলে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মুস্তাফিজ।
আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটিই। ২০০৯ সালে পেস বোলার মাশরাফি বিন মর্তুজাকে ৬ লাখ ডলারে কিনেছিল এ কলকাতা। বর্তমান বিনিময়মূল্যে যা ৫ কোটি ৪৫ লাখ রুপি। মাশরাফির সেই মূল্যকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশ জাতীয় দলে তার উত্তরসূরি মুস্তাফিজ।
এদিকে ২৫ কোটি ২০ লাখ রুপি (২৭ লাখ ৭০ হাজার ডলার) পেয়ে রেকর্ড গড়লেন ক্যামেরন গ্রিন। এটা আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ফি এবং তিনি সবচেয়ে ব্যয়বহুল বিদেশী খেলোয়াড়। এছাড়া শ্রীলংকার পেস বোলার মাথিসা পাথিরানাকে ১৮ কোটি রুপিতে কিনেছে কলকাতা, যা এবারের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ফি।
সর্বোচ্চ ৬৪ কোটি ৩০ লাখ রুপি তহবিল নিয়ে নিলাম শুরু করা কলকাতা গ্রিনকে নিয়ে চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে চেন্নাইয়ের সঙ্গে। চেন্নাইয়ের হাতে ছিল দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ কোটি ৪০ লাখ রুপি। শুরুটা করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও তাদের হাতে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি ছিল বলে দ্রুত তাদের থামতে হয়। বিড থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ১৩ কোটি ৪০ লাখ রুপি দর হাঁকিয়েছিল রাজস্থান রয়্যালস, যাদের হাতে ছিল ১৬ কোটি ৫ লাখ রুপি। এর পরই কলকাতার সঙ্গে রেসে নামে চেন্নাই।
গ্রিনের বিড সম্পন্ন হতে ১০ মিনিটেরও বেশি সময় লেগেছে। আইপিএলের ইতিহাসে তার চেয়ে বেশি দাম পেয়েছেন শুধু ঋষভ পন্ত (২৭ কোটি রুপি) ও শ্রেয়াস আইয়ার (২৬ কোটি ৭৫ লাখ রুপি)।
গ্রিনের আগে আইপিএলের সবচেয়ে দামি বিদেশী খেলোয়াড় ছিলেন তারই স্বদেশী মিচেল স্টার্ক, যাকে ২০২৪ সালে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। এছাড়া প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ, যিনি আছেন তালিকার তিনে।
বাংলাদেশ থেকে এবার মুস্তাফিজুর রহমান ছাড়াও নিলামে ছিলেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরিফুল হাসান, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান। তবে মুস্তাফিজ ছাড়া কেউ দল পাননি।


