
বিএনপি নেতাকে ‘আ.লীগ বলে’ তুলে নিয়ে গেল গোয়েন্দা পুলিশ
ডিসেম্বর ১৬, ২০২৫
যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
ডিসেম্বর ১৭, ২০২৫পরিবারের নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ।
পরিবারের নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকেই পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। ঢাকায় ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর তারা আরো আতঙ্কিত হয়ে পড়েন। তাই পরিবারের অনুরোধেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান বিএনপির এ প্রার্থী।
মো. মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘আমি নির্বাচন করব না। সুতরাং মনোনয়ন কিনব না। ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থায় নির্বাচন না করার মতো কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হলো। বিষয়টি হলো সিকিউরিটি কনসার্ন এবং আমার পরিবার। এক্ষেত্রে পরিবারের সঙ্গে আমি পারছি না। যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এগিয়েছি, সেখানে সিকিউরিটি কনসার্নটি অবশ্যই একটি ব্যাপার। সে সঙ্গে পরিবারের সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। একজন সমাজকর্মী হিসেবে আপনাদের পাশে আজীবন থাকব।’
প্রার্থিতা বাতিলের বিষয়টি জানাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান মো. মাসুদুজ্জামান মাসুদ। এ বিষয়ে তিনি আরো বলেন, ‘সংবাদ সম্মেলনেই এ কথা প্রথম জানালাম। বিষয়টি দলকেও বুঝিয়ে বলব।’
প্রথম দফায় গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল বিএনপি। ওই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য মো. মাসুদুজ্জামানকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়।
নির্বাচন থেকে হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণায় আশ্চর্য হয়েছেন মাসুদুজ্জামান মাসুদের অনুসারী ও নেতাকর্মীরা। কেউ কেউ সংবাদ সম্মেলনে ক্ষোভও প্রকাশ করেন।
দলের প্রার্থী মাসুদুজ্জামানকে উদ্দেশ করে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের এভাবে ফেলে চলে যেতে পারেন না আপনি। আমরা অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে আপনার পাশে নেমেছি। আপনার এ সিদ্ধান্ত আমরা মানি না।’


