জুলাইয়ে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার চাওয়ায় বিএনপিপন্থি শিক্ষকদের উদ্বেগ, জাকসুর প্রতিবাদ
ডিসেম্বর ১৪, ২০২৫
নির্ধারিত খাদ্য পাচ্ছে না সরকারি প্রাথমিকের ৩৮ হাজার শিক্ষার্থী
ডিসেম্বর ১৪, ২০২৫
জুলাইয়ে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার চাওয়ায় বিএনপিপন্থি শিক্ষকদের উদ্বেগ, জাকসুর প্রতিবাদ
ডিসেম্বর ১৪, ২০২৫
নির্ধারিত খাদ্য পাচ্ছে না সরকারি প্রাথমিকের ৩৮ হাজার শিক্ষার্থী
ডিসেম্বর ১৪, ২০২৫

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হলেও ফিরেছে কিডনির কার্যক্ষমতা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তাকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তাকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। তবে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এটি বজায় রাখার জন্য পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালান্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। মেডিকেল বোর্ড গতকাল এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে।

এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউর সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবালের পাঠানো এ বিবৃতিতে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরা হয়। এতে জানানো হয়, এভারকেয়ার হাসপাতালে হাদির চিকিৎসায় বিভিন্ন বিভাগের ১৩ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হাদির ফুসফুসে আঘাত আছে ও চেস্ট ড্রেইন টিউবে অল্প রক্ত আসছে। তার ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস যেন ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। তার কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালান্স যেভাবে ঠিক রাখা হচ্ছে, সেভাবেই চালিয়ে যেতে হবে। হাদির শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্য দেখা দিয়েছিল (ডিআইসি) সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে।

মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডা. মো. জাফর ইকবাল জানান, হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অস্ত্রোপচার হয়েছে, সেহেতু এখন কনজারভেটিভভাবে ম্যানেজ করতে হবে। ব্রেইন প্রটেকশন প্রটোকল অনুসরণ করে অন্যান্য সব সাপোর্ট চালিয়ে যেতে হবে। যদি অবস্থা একটু স্থিতিশীল হয়, তাহলে মস্তিষ্কে আবার সিটি স্ক্যান করানো যেতে পারে। রক্তচাপের জন্য সাপোর্ট যেভাবে দেয়া আছে, সেটা সেভাবেই চলবে। যদি হৃৎস্পন্দন কমে যায়, তাহলে সাময়িকভাবে পেস মেকার লাগানোর একটি দল প্রস্তুত আছে, সেটা লাগানো হবে। তবে কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। এটি বজায় রাখার জন্য পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালান্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওসমান হাদি গত বছর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। চালিয়ে যাচ্ছিলেন প্রচার-প্রচারণা। গত শুক্রবার জুমার নামাজের পরও নির্বাচনী প্রচারণায় বেরিয়েছিলেন। বেলা আড়াইটার দিকে ফাঁকা রাস্তায় ব্যাটারিচালিত রিকশায় করে যাচ্ছিলেন বিজয়নগরের দিকে। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি হাদির বাম কানের নিচে লাগে। জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা এ তরুণ নেতাকে পরে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর তাকে নেয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

এদিকে হাদির ওপর সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে, ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত পুলিশকে অবহিত করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে গতকাল আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদির ওপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যেকোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোরহস্তে দমন করবে।’

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারি যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরো জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট-সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারে সে জন্য সীমান্তে নিরাপত্তা ও তল্লাশির কাজ জোরদার করেছে বিজিবি। যে স্থানে কাঁটাতারের বেড়া নেই, সেটিকে সিলগালা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *