
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব, কোনো আপস নেই: সালাহউদ্দিন
ডিসেম্বর ১৩, ২০২৫
ওসমান হাদির ওপর হামলা নির্বাচনী নিরাপত্তার ক্ষেত্রে বড় সতর্ক বার্তা
ডিসেম্বর ১৩, ২০২৫ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন ও মানবাধিকার রক্ষায় ভূমিকার জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদী। ২০২১ সাল থেকে তিনি ইরানের এভিন কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘদিনের অসুস্থতার কারণে ২০২৪ সালের ডিসেম্বরে মোহাম্মদীকে চিকিৎসার জন্য কারাগার থেকে তিন সপ্তাহের সাময়িক ছুটি দেয়া হয়েছিল
২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে ইরানের উত্তর–পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ থেকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর বিবিসি।
নার্গিস ফাউন্ডেশনের বরাতে বিবিসি জানিয়েছে, সম্প্রতি রহস্যজনকভাবে মারা যাওয়া মানবাধিকার আইনজীবী খসরু আলিকোর্দির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে গেলে ৫৩ বছর বয়সী মোহাম্মদীকে আটক করা হয়।
তার সমর্থকদের দাবি, মোহাম্মদীকে জোরপূর্বক আটক করার সময় আরো কয়েকজন অধিকারকর্মীকেও গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নরওয়ের নোবেল কমিটি। এক বিবৃতিতে তারা বলেছে, নার্গিস মোহাম্মদীর আজকের নির্মম গ্রেফতারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ইরানি কর্তৃপক্ষকে অবিলম্বে মোহাম্মদীর নিরাপত্তা নিশ্চিত করে শর্তহীনভাবে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে নোবেল কমিটি।
তবে এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। তাকে আবার কারাগারে পাঠানো হবে কি না, সেটিও নিশ্চিত নয়।
ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন ও মানবাধিকার রক্ষায় ভূমিকার জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদী। ২০২১ সাল থেকে তিনি ইরানের এভিন কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘদিনের অসুস্থতার কারণে ২০২৪ সালের ডিসেম্বরে মোহাম্মদীকে চিকিৎসার জন্য কারাগার থেকে তিন সপ্তাহের সাময়িক ছুটি দেয়া হয়েছিল। তার হাড় ও হৃদযন্ত্রের চিকিৎসা চলছিল। তবে সেই সময় শেষ হওয়ার পর আবার কারাগারে ফেরার কথা ছিল। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে আরো অন্তত ছয় মাস চিকিৎসাজনিত ছুটিতে রাখা প্রয়োজন।
মোহাম্মদী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, জীবনে এখন পর্যন্ত তাকে ১৩ বার গ্রেফতার করা হয়েছে। পাঁচ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে মোট ৩৬ বছরের বেশি কারাদণ্ড ও ১৫৪ বার বেত্রাঘাতের সাজা দেয়া হয়েছে।


