
৬৪ জেলার এসপিদের সঙ্গে বৈঠক নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ডিসেম্বর ৫, ২০২৫
ফসলে ক্ষতিকর কীটনাশক ব্যবহার কমানোর দাবিতে মানববন্ধন
ডিসেম্বর ৫, ২০২৫লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সবুজ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সবুজ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বিএসএফ তার মরদেহ নিয়ে গেছে। ময়নাতদন্তের পর মরদেহ ফেরত দেয়া হবে বলে বিজিবিকে জানিয়েছে বিএসএফ। নিহত সবুজ উপজেলার জগৎবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পচাভাণ্ডার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা সীমান্তে বিএসএফের গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে আরো এক বাংলাদেশী নিহত হয়েছেন।
বিজিবি জানায়, বুধবার রাতে বাংলাদেশ ও ভারতের ৮-১০ জন গরু আনার জন্য সীমান্তে যায়। তারা ভারতীয় সীমান্তের প্রায় ৩০ গজ ভেতরে চেনাকাটা এলাকায় পৌঁছলে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সবুজ ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।
শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, ‘পতাকা বৈঠকে বাংলাদেশী নাগরিককে লক্ষ্য করে গুলি চালিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং মরদেহ ফেরত চাওয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে তা ফেরত দেয়া হবে।’
অন্যদিকে গতকাল দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় কৃষিজমিতে কাজ করতে যান শুকুরাম উরাং। বেলা দেড়টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি দৌড়ে কিছুদূর এগিয়ে এসে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিন মারা যান।
হাসপাতালে আনার আগেই শুকুরাম মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে।
কুলাউড়া থানার ওসি ওমর ফারুক বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ কুলাউড়া হাসপাতালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


