
নির্বাচনকে গ্রহণযোগ্য করবে —আমীর খসরু
নভেম্বর ২১, ২০২৫
ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
নভেম্বর ২১, ২০২৫প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যায়। এর প্রভাব পড়ে দামে। অন্যান্য বছর শীতের সবজির দাম কমলেও এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজধানীর বাজারে।
প্রতি বছর নভেম্বর-ডিসেম্বরে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যায়। এর প্রভাব পড়ে দামে। অন্যান্য বছর শীতের সবজির দাম কমলেও এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজধানীর বাজারে। সরবরাহ বাড়লেও মানভেদে কেজিপ্রতি ২০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে পণ্যের দাম। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে তাদের বেশি দামে সবজি কেনার কারণে ভোক্তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। তবে পাইকারি বিক্রেতারা বলছেন, চলতি মৌসুমের শুরুর দিকের ভারি বৃষ্টিপাতে ফসলের ক্ষতি হয়েছে, যার প্রভাব পড়েছে খুচরা ও পাইকারি বাজারে।
রাজধানীর কারওয়ান বাজার ও নতুন বাজার ঘুরে সবজির দাম বাড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গতকাল কারওয়ান বাজারে শিম বিক্রি হয়েছে ১০০-১২০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহেও ছিল ৭০-৮০ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে শিমের দাম। একইভাবে প্রায় সব সবজির দাম বেড়েছে।
গতকাল কারওয়ান বাজারে সরজমিনে দেখা যায়, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছিল ৪০-৬০ টাকা, গাজর-শসা কেজি ৮০, বেগুন ৮০-১২০, টমেটো ১২০-১৪০, মুলা ৫০, কাঁচামরিচ ১৪০-১৬০, মিষ্টিকুমড়া ৫০, বরবটি ৬০-৮০, উচ্ছে ১০০-১২০ এবং কাঁচামরিচের কেজি ছিল ১৬০-১৮০ টাকা।
দাম বেড়েছে লাউ-চালকুমড়ারও। প্রতি পিস লাউ ৮০-১২০ ও চালকুমড়া বিক্রি হয়েছে ৮০-১০০ টাকা পিস। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। গতকাল কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ১১০ টাকা, যা প্রতি পাল্লায় (৫ কেজি) ছিল ৫১০-৫২০ টাকা।
এছাড়া পুরনো আলু ২৫-৩০ টাকা, দেশী রসুনের কোয়া ৫০-৬০, আমদানি করা বড় রসুন ১৮০-২২০ টাকা কেজি বিক্রি হয়। নতুন আলু ১৪০-১৬০ টাকা এবং নতুন পেঁয়াজ পাতাসহ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হয়েছে।
গত বছরের এ সময়ের তুলনায় কোনো কোনো সবজির দাম ২৫-৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। যেটিকে অস্বাভাবিক বলছেন ভোক্তারা।
বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের ১৯ নভেম্বর রাজধানীর বাজারে বেগুনের খুচরা মূল্য ছিল ৪০-৮০ টাকা। সেখানে চলতি বছর একই দিনে বিক্রি হয়েছে ৮০-১২০ টাকা কেজি। অর্থাৎ গতবারের তুলনায় এবার বেগুনের দাম ৫০ শতাংশ বেশি। একইভাবে গত বছরের ৬০-১০০ টাকার উচ্ছের দাম ২৫ শতাংশ বেড়ে হয়েছে ৮০-১২০ টাকা। শিমের দাম ২২ শতাংশ, শসা ২০ শতাংশ, পটোল-চিচিঙ্গা ১৭ শতাংশ, কাঁচামরিচ ৪৮-৫০ শতাংশ বেড়েছে। তবে কচুরমুখী, মুলা, মিষ্টিকুমড়া, কাঁচা পেঁপে, আদা, দেশী রসুনের দাম কমেছে ২০-২৮ শতাংশ পর্যন্ত। আর পুরনো আলুর দাম গতবারের চেয়ে এবার ৬০ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে।
কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, গত বছরের ১৯ নভেম্বরের তুলনায় এ বছরের একই দিন পাঙাসের (চাষ) দাম বেড়েছে ১১ শতাংশ। চাষের তেলাপিয়া ৫ শতাংশ, দেশী মুরগির সাড়ে ৯ শতাংশ, ছাগলের মাংস সাড়ে ৬ শতাংশ বেড়েছে। তবে কিছুটা কমেছে ডিম ও ব্রয়লার মুরগির দাম। গত বছরের একই বছরের তুলনায় এবার সরু চালের দাম ৯ দশমিক ২৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। মোটা ও মাঝারি চালের দাম ৭ দশমিক ২৬ শতাংশ পর্যন্ত কমেছে।
শীতের সবজি মৌসুমে দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করে আকিমুল ইসলাম নামের ভোক্তা বলেন, ‘প্রতি বছরই শীতকালীন সবজি বাজারে উঠলে দাম কমে। এ সময়ে খাদ্যমূল্যস্ফীতি কমে আসে। গত সপ্তাহে বিভিন্ন সবজি ৬০-৮০ টাকার মধ্যে ছিল। হঠাৎ করে দাম বাড়তে শুরু করেছে। বেগুন, শিমের দাম ১০০ ছাড়িয়ে গেছে। এটি অস্বাভাবিক। বাজারে পণ্যের সমারোহ বেড়েছে। সেখানে দাম না কমে বেড়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না।’


