
ঘোষণার ১২ দিনের মাথায় আন্তর্জাতিক স্বীকৃতি হারাল কক্সবাজার বিমানবন্দর
অক্টোবর ২৫, ২০২৫
ইতিহাস সুন্দরভাবে লিখলেই মানুষ বিশ্বাস করবে না —ডা. জাহিদ হোসেন
অক্টোবর ২৫, ২০২৫নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন বলে সাংবাদিকদের কাছে নিজের আশার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন বলে সাংবাদিকদের কাছে নিজের আশার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করার কথা নিজেই সাক্ষাৎকারে বলেছেন। তবে আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যেকোনো আসন থেকে তিনি দাঁড়াতে পারেন।’
গতকাল রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়া নিজেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম-বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব। সে প্রক্রিয়ায় আছি। যাতে নির্বাচনের মাঠে প্রার্থী হিসেবে তারা কাজ করতে পারেন।’
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘আচরণবিধি এবং আরপিও বিষয়ে আমাদের কাছে অধ্যাদেশের খসড়ার ওপরে নির্বাচন কমিশন মতামত চেয়েছিলেন। আমরা জানিয়েছিলাম। এর মধ্যে যেসব বিষয়ে সংশোধনী এসেছে তার অধিকাংশ বিষয়ে আমরা একমত। কিন্তু জোটভুক্ত হলেও দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে অন্য প্রতীক নিতে পারবে না—এ বিষয়ে আমরা কখনো সম্মত হইনি। সুষ্ঠু নির্বাচন এবং রাজনীতির স্বার্থে এটি বিবেচনা করা প্রয়োজন বলে আমার মনে হয়। এ কথা আমি দলের পক্ষ থেকে জানিয়েছি। হয়তো আমরা আনুষ্ঠানিক চিঠি নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টার কাছে দেব। বহুদলীয় রাজনীতিতে ছোট দলগুলো জোটবদ্ধ নির্বাচন করার মধ্য দিয়ে পার্লামেন্টে এলে পার্লামেন্ট সমৃদ্ধ হয়। এভাবে জোটবদ্ধ নির্বাচন করার মধ্য দিয়ে তাদের জয়ী হওয়ার সুযোগ হয়। সেটি বঞ্চিত করা উচিত হবে বলে আমরা মনে করি না। আমরা বহুদলীয় সমৃদ্ধ একটি জাতীয় সংসদ দেখতে চাই।’
দলের প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, ‘সমঝোতার ভিত্তিতে, আলাপ-আলোচনার ভেতর দিয়ে আমরা প্রার্থী নির্ধারণ করতে পারব। তারপরও যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
বিএনপির ইশতেহারের বিষয়ে তিনি বলেন, ‘ইশতেহারের কাজ আমরা দ্রুতগতিতে করছি। সেক্টর অনুযায়ী কাজ চলছে। সব সেক্টরকে নিয়ে কম্পাইল করে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা করে সেটি শিগগিরই অনুমোদন করব। এটি দলের জন্য গোপনীয় জিনিস, যা সাধারণত তফসিল ঘোষণার পরই আমরা প্রকাশ করে থাকি। সংবাদ সম্মেলন করেই তা প্রকাশ করব।’


