
সঠিক বালিশ নির্বাচনই ভালো ঘুমের চাবিকাঠি
অক্টোবর ২৪, ২০২৫
তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন —সালাহউদ্দিন আহমদ
অক্টোবর ২৫, ২০২৫কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির ১২ দিনের মাথায় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির ১২ দিনের মাথায় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নের অংশ হিসেবে বিদেশী পর্যটক টানতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, ২০২১ সালে। ওই প্রকল্পের আওতায় বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য ৬ হাজার ৭৭৫ থেকে বাড়িয়ে ৯ হাজার ফুট করা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরও কক্সবাজার বিমানবন্দরটির নির্মাণকাজ থেমে থাকেনি। গত মার্চে এ বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এরপর বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্তাব্যক্তিরাও দফায় দফায় নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে সেখানে গেছেন। গত ১২ অক্টোবর কক্সবাজারকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপনও জারি করে সরকার।
কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইউনুছ ভূঁইয়া বণিক বার্তাকে বলেন, ‘কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন বিমানবন্দরটি দেশী-বিদেশী বিমান ওঠানামার জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রকল্পের বাউন্ডারি ওয়ালসহ শেষ মুহূর্তের কিছু কাজ বাকি থাকলেও সেটি দ্রুত সময়ের মধ্যে শেষ করা যাবে। ৮৬ শতাংশের বেশি কাজের মধ্যে রানওয়েসহ ভারী অবকাঠামোর কাজও শেষ হয়েছে।’ ফলে প্রজ্ঞাপন জারি করেও কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি স্থগিতের সঙ্গে প্রকল্পের কাজের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের পক্ষ থেকে বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি দেয়ার তোড়জোড় থাকলেও সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে তেমন আগ্রহ দেখায়নি এয়ারলাইনসগুলো। চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কয়েকটি গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকলেও কক্সবাজার থেকে এ ধরনের ফ্লাইট বাণিজ্যিকভাবে লাভজনক মনে করছে না এয়ারলাইনসগুলো। তবে বেসরকারি এয়ারলাইনসগুলোর আগ্রহ না থাকলেও রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা রুটে চলতি মাস থেকে ফ্লাইট পরিচালনা করবে বলে দায়িত্বশীলদের পক্ষ থেকে বলা হচ্ছিল। তবে আন্তর্জাতিক কোনো ফ্লাইট উড্ডয়নের আগেই আন্তর্জাতিক খেতাব হারাল কক্সবাজার বিমানবন্দর।
কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের বিষয়ে জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি অবশ্য বলেন, ‘এ মুহূর্তে কিছু বলতে পারছি না।’
বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে মোট তিনটি। সেগুলো হলো রাজধানীতে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।


