
দেশে ৯৬% মানুষ কখনো থ্যালাসেমিয়া পরীক্ষা করায়নি
মে ৮, ২০২৬
ঢাকার যানজট বাড়াচ্ছে পুরনো গাড়ি
মে ৮, ২০২৬রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী অর্থবছর থেকেই করদাতাদের করের অর্থের ব্যবহারের বিস্তারিত তথ্য প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সরকারের নতুন অর্থনৈতিক পরিকল্পনা ও আর্থিক কাঠামোর রূপরেখা তুলে ধরে তিনি বলেন, ‘আজকে কেন কর ফাঁকি চলছে। কেন করের জাল বাড়ছে না। কারণ নাগরিকের সঙ্গে করের সংযোগ নেই। সেবা না পেলে কেন নাগরিক কর দেবে। আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্রে স্বাস্থ্য, শিক্ষাসহ কোন খাতে কত অর্থ খরচ হচ্ছে, তার বিবরণ থাকবে।’
গতকাল রাজধানীর কারওয়ান বাজারে ‘দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’ ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আয়োজিত প্রাক-বাজেট গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ড. তিতুমীর আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষায় বাজার রেগুলেটর ও নিরীক্ষা প্রতিষ্ঠানগুলো, যেমন—আইসিএবি, আইসিএমএবির স্বনিয়ন্ত্রণের ওপর জোর দেন। তিনি সতর্ক করে বলেন, ‘খেলাপি ঋণ (এনপিএল) বাড়ার পেছনে যথাযথ নিরীক্ষার অভাব রয়েছে, ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানকে আরো জবাবদিহিতার আওতায় আসতে হবে।’
কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীন সত্তা বজায় রেখে রাজস্ব ও আর্থিক নীতির সমন্বয়ের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা হবে বলেও তিনি সভায় আশাবাদ ব্যক্ত করেন।
সরকার করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে বলে জানান তিনি। এজন্য অনানুষ্ঠানিক অর্থনীতিকে আনুষ্ঠানিক খাতে আনা ও বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ড. তিতুমীর।
এ সভায় বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা তাদের আলোচনায় রাজস্ব ব্যবস্থার সংস্কার ও স্বচ্ছতার ওপর জোর দেন। সেখানে তারা সরকারের নীতিগত সহায়তা যেমন কর ছাড়, বিশেষায়িত অর্থায়ন সুবিধা ও অন্যান্য প্রণোদনার বিষয়ে জানতে চান।
এ সময়ে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত করের চাপ দেয়ার আগে সরকারকে অবশ্যই কর রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বলে দাবি জানিয়েছেন বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি সরকারের উচ্চ ব্যয়কেন্দ্রিক মনোভাবের সমালোচনা করে বলেন, ‘ব্যবসায়ীরা জানতে চান করের টাকা কোথায় ব্যয় হচ্ছে এবং তা শিল্প, কর্মসংস্থান ও বিনিয়োগে বাস্তব সুফল দিচ্ছে কিনা।’
তিনি আসন্ন বাজেটে স্পষ্ট প্রতিশ্রুতির আহ্বান জানিয়ে বলেন, ‘যাতে শিল্প খাত স্থিতিশীল থাকে, অন্যথায় বিনিয়োগবান্ধব পরিবেশ না থাকলে ব্যবসায়ী নেতাদের আস্থা হারানোর আশঙ্কা রয়েছে।’
আলোচনা সভায় আইক্যাব সভাপতি এনকেএ মোবিন জানান, ডিজিটাল হিসাব এখন আর বিকল্প নয়, বরং অপরিহার্য। তিনি বলেন, ‘ম্যানুয়াল হিসাব ব্যবস্থা দুর্বল ও রাজস্ব ঘাটতি প্রায় ১ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে।’ তিনি ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমকে (ডিভিএস) এনবিআরের ডিজিটাল উদ্যোগের সঙ্গে একীভূত করার পরামর্শ দেন।
এমসিসিআই সভাপতি কামরান টি. রহমান বলেন, ‘কর-জিডিপি অনুপাত বাড়াতে জরুরি ভিত্তিতে রাজস্ব অবকাঠামো আধুনিকায়ন প্রয়োজন।’ তিনি জাতীয় ডেটাবেজ সমন্বয়, এনআইডি তথ্যের সঙ্গে ব্যবসা নিবন্ধন ও কর রেকর্ড সংযুক্তকরণ এবং নগদহীন ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, ‘দুর্নীতি ও জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া বিদেশী বিনিয়োগকে নিরুৎসাহিত করছে।’ তিনি কর প্রশাসন ও শুল্ক ব্যবস্থার পূর্ণ স্বয়ংক্রিয়করণ, ই-সিগনেচার ও ক্লাউড-ভিত্তিক হিসাব ব্যবস্থার ওপর জোর দেন।
আরো বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ, এনবিআরের সাবেক সদস্য ফরিদ উদ্দিন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘বর্তমানে বাংলাদেশের কর কাঠামো পৃথিবীর তলানিতে (৬ দশমিক ৬ শতাংশ) অবস্থান করছে এবং অতীতে পৃষ্ঠপোষকতার সংস্কৃতির মাধ্যমে কর ফাঁকি ও গোষ্ঠীস্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার সংযুক্তি ও বিযুক্তির একটি নতুন মডেল নিয়ে কাজ করছে। এর আওতায় করদাতারা কর জমা দেয়ার পর যে প্রাপ্তি স্বীকারপত্র পাবেন, তাতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বাজেটের কত শতাংশ ব্যয় করা হচ্ছে, তার পরিষ্কার উল্লেখ থাকবে। এতে নাগরিকরা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে পারবেন। অন্যদিকে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ কমিয়ে বিযুক্তির মাধ্যমে দুর্নীতি রোধ করার পরিকল্পনা করা হয়েছে।’


