ঊর্ধ্বমুখী এশিয়া-প্যাসিফিকের অধিকাংশ শেয়ার সূচক
জানুয়ারি ২৫, ২০২৬
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জামায়াতের সঙ্গে আমেরিকার ‘আঁতাত’ দেশের জন্য ভালো নয়
জানুয়ারি ২৫, ২০২৬
ঊর্ধ্বমুখী এশিয়া-প্যাসিফিকের অধিকাংশ শেয়ার সূচক
জানুয়ারি ২৫, ২০২৬
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল জামায়াতের সঙ্গে আমেরিকার ‘আঁতাত’ দেশের জন্য ভালো নয়
জানুয়ারি ২৫, ২০২৬

বগুড়ার জনসভায় জামায়াত আমির ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে এককভাবে নয়, বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে এককভাবে নয়, বরং জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে ১০ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘বিভেদ নয়, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিই হবে আগামীর বাংলাদেশের মূল ভিত্তি।’

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, আধিপত্যবাদমুক্ত, ন্যায় ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসায় ও জনগণের ভোটে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী পাঁচ বছর দেশ চালাতে চাই। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না। আমরা ঐক্যের বাংলাদেশ চাই।’

জনসভায় শফিকুর রহমান বলেন, ‘এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানীখ্যাত। দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা এ শহরকে সিটি করপোরেশনে উন্নীত করব। বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আমরা দায়িত্ব পেলে এটা বাস্তবায়ন করব। এটা কোনো দয়ার দান নয়; জামায়াতে ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না। আপনাদের (উপস্থিত জনতা) যে টাকা, সে টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে। বলবেন, এত টাকা আমরা দিতে পারি? হ্যাঁ, দিচ্ছেন তো আপনারা। আপনাদের টাকাটা ঝুড়িতে রাখছেন আর ঝুড়ির তলা না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে সাড়ে ১৫ বছরে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব, পেটের ভেতরে হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা, জনগণের জন্য উন্নয়ন খাতে যুক্ত হবে। দুই নম্বর—সুদের জট কেটে দেয়া হবে আর রাষ্ট্রের টাকা চুরি করতে দেয়া হবে না।’

বিগত সরকারগুলোর সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘একটি দল ক্ষমতায় আসার আগে ১০ টাকা দরে চাল দেয়ার কথা বলেছিল। কিন্তু মানুষ কি তা পেয়েছে? দেশের মানুষ আর এ ধরনের রাজনৈতিক ধোঁকা দেখতে চায় না। চাঁদার জ্বালায় জনগণ অতিষ্ঠ। এ চাঁদার কারণে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পান না; ভোক্তা ন্যায্যমূল্যে শাকসবজি কিনতে পারে না। চাঁদাবাজরা মাঝখানে ভাগ বসিয়ে দেয়। এর ভার পড়ে গিয়ে জনগণের ঘাড়ে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।’

নারীদের ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, ‘মায়েদের ইজ্জতের মূল্য জীবনের চেয়ে বেশি। মায়েদের কোনো অপমান আমরা বরদাশত করব না। কোনো লম্পটের জায়গা বাংলাদেশের জমিনে হবে না। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। মায়েরা ঘরে থাকবেন নিরাপদে, রাস্তায় বের হয়ে নিরাপদে চলাফেরা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার ও দায়িত্ব। তারা নির্ভয়ে নিঃসংকোচে প্রশান্তি নিয়ে স্বস্তির সঙ্গে দেশ গড়ার কাজে পুরুষের পাশাপাশি অবদান রাখবেন।’

যুবকদের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা যুবকদের বেকার ভাতা দিতে পারব না। বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। ভাতা দিয়ে বাংলাদেশকে বেকারের ফ্যাক্টরি বানাতে চাই না। আমরা প্রত্যেক যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। শিক্ষার পাট চুকানোর সঙ্গে সঙ্গে শিক্ষিত বেকারদের মর্যাদাপূর্ণ কাজ দিতে চাই। তারা দক্ষ হয়ে দেশকে সেবা দেবে, দক্ষ হয়ে বিদেশে গিয়ে মর্যাদার সঙ্গে আয়-উপার্জন করবে।’

জনসভায় বগুড়ার বিভিন্ন আসনের জোটের সংসদ সদস্যপ্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামায়াত আমির। এরপর শেরপুর ও সিরাজগঞ্জের জনসভায় যোগ দেন। এর আগে তিনি গাইবান্ধায় জনসভা করেন। রংপুরের পীরগঞ্জের জাফরপুর বামনপাড়ায় গতকাল সকালে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াত আমির শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *