
বঙ্গভবনের প্রথম দরবারে রাষ্ট্রপতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব
আগস্ট ২৮, ২০২৬
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি দেয়ার সুযোগ পেল ব্যাংকগুলো
আগস্ট ২৮, ২০২৬স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে ঘোষণা করা হবে এবং নভেম্বরের শেষ দিকে ভোটগ্রহণ হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত। এখন শুধু তফসিল ঘোষণার অপেক্ষা।’ গতকাল নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনা করতে হচ্ছে বলে জানিয়ে সিইসি বলেন, ‘আমার মনে হয়, আমরা সেপ্টেম্বরের মধ্যে একটা তফসিল দিতে পারব। তবে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণে দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা, আইনগত সময়সীমাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হচ্ছে। এটা নিশ্চিত যে আমাদের এ বছরের মধ্যে শুরু করতে হবে। আইনি বিষয় আছে এখানে। এ বছরের মধ্যে শুরু করতে হবে।’
নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে সচিবকে নির্দেশ দেয়া হয়েছে, যাতে তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন মাঠে নামতে পারে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্যও সংশ্লিষ্ট কমিশনারকে কাজ শুরু করতে বলা হয়েছে।’
স্থানীয় সরকার নির্বাচনের ভোট ডিসেম্বরের দিকে নেয়ার সম্ভাবনার কথা জানিয়ে সিইসি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা দ্রুত শেষ করা সম্ভব হলে নভেম্বরের শেষ দিকে নির্বাচন শুরু করার বিষয়টি বিবেচনা করা হতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।’
নাসির উদ্দিন বলেন, ‘আমাদের সময়ের স্লট খুবই শর্ট। এরপর রমজান চলে আসবে। রমজানের পর ঈদুল আজহা, তারপর বর্ষাকাল—নানাবিধ জটিলতা আছে। সবকিছু মিলিয়েই আমাদের নির্বাচন করতে হবে।’
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া আসনে উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট একটি আসনের উপনির্বাচনও ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। তাই স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে যাতে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।’
উপকূলীয় ও দুর্গম এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ‘আইনগতভাবে যেসব নির্বাচন আগে করার প্রয়োজন, সেগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। আগের ধাপের নির্বাচনগুলোর মধ্যে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে অনুষ্ঠিত ৩৭১টি ইউনিয়ন পরিষদও অগ্রাধিকারের তালিকায় থাকবে।’
নাসির উদ্দিন বলেন, ‘যেসব এলাকায় নির্বাচন আগে দেয়ার আইনি বাধ্যবাধকতা আছে, সেগুলো আমাদের প্রথমে বিবেচনায় নিতে হবে। আর হিলি রিজিয়ন বা দুর্গম অঞ্চল যেখানে আছে, সেখানে যদি নির্বাচন পড়ে, সেগুলো শুকনো মৌসুমে করার চেষ্টা থাকবে।’
গতকাল দুপুরে সিইসির নেতৃত্বে চার নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বঙ্গভবনে অনুষ্ঠিত ওই সাক্ষাৎ প্রসঙ্গে সিইসি বলেন, ‘নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য তারা রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছেন।’
রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সংসদ নির্বাচন আয়োজনের প্রশংসা করেছেন জানিয়ে সিইসি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।’
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনও ইসির অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি এ উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত। এ আসনে সীমিত পরিসরে পোস্টাল ভোটের ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে এ ব্যবস্থা টেকসই করতে প্রশিক্ষণ ও ম্যানুয়াল তৈরির কাজ চলছে।’


