
আন্তর্জাতিক বাজারে রাবারের দরবৃদ্ধি
আগস্ট ৬, ২০২৬বিস্ফোরণে মৃত্যু
আগস্ট ৬, ২০২৬দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
তবে এ সময়ে এডিস মশাবাহিত এ রোগে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪০৯ জন এবং মারা গেছে ৫৯ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮১ জন এবং চট্টগ্রাম বিভাগে ৭৭ জন রয়েছে। এছাড়া বরিশাল বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে ১২ জন এবং খুলনা বিভাগে ১০ জন ভর্তি হয়েছে।
সরকারি হিসাবে, চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৬৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২৮১ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যায় ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। এ পর্যন্ত ডেঙ্গুতে শূন্য থেকে পাঁচ বছর বয়সী তিনজন এবং ছয় থেকে ১৫ বছর বয়সী ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে শূন্য থেকে পাঁচ বছর বয়সী ৯৩৭ এবং ছয় থেকে ১৫ বছর বয়সী ২ হাজার ২৭ শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বাংলাদেশে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারায় ১ হাজার ৭০৫ জন।


