
ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন বেড়ে দ্বিগুণ হয়েছে
আগস্ট ৫, ২০২৬
সারা দেশে শিবিরের ওপর হামলার প্রতিবাদে বুধবার ছাত্র গণজমায়েতের ডাক
আগস্ট ৫, ২০২৬
সিটি ব্যাংক পিএলসি সম্প্রতি সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) নতুন রিটেল ক্রস-বর্ডার পেমেন্ট বা আন্তঃদেশীয় রিটেল লেনদেন ব্যবস্থা চালু করেছে।
এর আওতায় অর্থ প্রেরণ ও গ্রহণকারী উভয় ভূমিকাতেই সফলভাবে বিশ্বে প্রথম ‘সুইফট স্কিম’ নামের নতুন আন্তঃদেশীয় পেমেন্ট বা লেনদেন উদ্যোগ সম্পন্ন করেছে ব্যাংকটি।
সিটি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭টি দেশের অর্ধশতাধিক শীর্ষস্থানীয় ব্যাংক এ কাঠামোটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র ব্যাংক হিসেবে সিটি ব্যাংক চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইফটের এ উদ্যোগে যুক্ত হয়।
সুইফট ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ উদ্যোগে সম্প্রতি এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের এ অর্জনকে স্বীকৃতি জানানো হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও রিজিওনাল হেড (ভারত ও দক্ষিণ এশিয়া) কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিনের হাতে একটি স্মারক তুলে দেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিওও ও ক্যামেলকো মাহিয়া জুনেদ; উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মেসবাউল আসিফ সিদ্দিকী এবং সুইফটের অ্যাকাউন্ট ডিরেক্টর (ভারত) ও কান্ট্রি ম্যানেজার অর্পিতা ঘোষসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রথাগত আন্তঃদেশীয় পেমেন্ট এবং রেমিট্যান্সের ক্ষেত্রে প্রায়ই বিলম্ব ও উচ্চ ব্যয়ের সমস্যা দেখা দেয়। একাধিক মধ্যস্থতাকারী ব্যাংকিং ধাপ, বিশ্বজুড়ে প্রক্রিয়াকরণের সময়ের ভিন্নতা এবং বিভিন্ন নিয়ন্ত্রণমূলক বাধ্যবাধকতার জন্য এ রকম ঘটে যাবে। এছাড়া মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ফির কারণে প্রাপকের হাতে পৌঁছানো অর্থের পরিমাণও কমে যায়। এ বাধাগুলো দূর করার লক্ষ্যে সুইফট পেমেন্ট সংক্রান্ত নতুন কাঠামোটি তৈরি করেছে। এর ফলে রিটেল গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দ্রুত, সুনিশ্চিত ও স্বচ্ছ আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের সুবিধা পাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিটি ব্যাংক ২২ জুন তাদের প্রথম লেনদেনটি ১ মিনিটে ও দ্বিতীয় লেনদেনটি মাত্র ৫৭ সেকেন্ডে সম্পন্ন করে। এরপর ২৩ জুন ব্যাংকটি ‘গেটওয়ে ইন্টারমিডিয়ারি’ বা মধ্যস্থতাকারী হিসেবে ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সমন্বয় করে দেশটি থেকে আসা একটি পেমেন্ট বা অর্থপ্রদান প্রক্রিয়া সম্পন্ন করে এবং তা বাংলাদেশেরই অন্য একটি স্থানীয় ব্যাংকে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে।
‘সুইফট স্কিম’ মূলত আন্তঃসীমান্ত পেমেন্ট বা লেনদেনের জন্য একটি নতুন কাঠামো। এর লক্ষ্য আন্তর্জাতিকভাবে লেনদেনকারী ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অভিজ্ঞতাকে আরো উন্নত করা। এ ব্যবস্থায় লেনদেনের পূর্ণ মূল্য প্রাপ্তির নিশ্চয়তা, শুরুতেই খরচের বিষয়ে স্পষ্ট ধারণা, স্বচ্ছতা, লেনদেন ট্র্যাকিংয়ের সুবিধা এবং ২৪ ঘণ্টা সেবা পাওয়ার সুযোগ রয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক চলতি বছরের জুনে এ সেবা চালু করেছে, যা জি২০ নির্ধারিত লেনদেনের গতিসংক্রান্ত মানদণ্ড পূরণ, খরচের বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং গোপন বা অতিরিক্ত ফি দূর করতে সহায়তা করছে।


