
পর্ষদ, এমডি, চেয়ারম্যান ছাড়াই চলছে ইসলামী ব্যাংক
আগস্ট ৪, ২০২৬
৫৫ লাখ কার্ডধারী ১৫ টাকা কেজি দরে চাল পাবেন ছয় মাস
আগস্ট ৪, ২০২৬প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে সংবিধান সংশোধন কমিটি। আজ দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠক শুরু হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
বিরোধী দল যোগ না দেয়ায় ১২ সদস্য নিয়েই এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সংবিধানের বিভিন্ন বিধান, বিশেষত ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলে আসছিল। সাবেক ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো বেশকিছু বিষয় সংশোধনে একমতও হয়। এর পরিপ্রেক্ষিতেই সরকারের পক্ষ থেকে গত ১৩ জুলাই সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। তবে বিরোধী দল সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কারের দাবি জানায় এবং কমিটিতে তাদের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব থেকে বিরত থাকে।
কমিটি গঠনের দিন সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছিলেন, ‘বর্তমান সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি মোতাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদের প্রতিনিধিত্বকারী প্রতিটি রাজনৈতিক দল এবং জোটের সদস্যদের সমন্বয়ে এমনকি স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত একটি কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। সে লক্ষ্যে বিরোধীদলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কাছ থেকে নাম পাওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কমিটি গঠন প্রক্রিয়ায় দেরি হয়। এরই মধ্যে কয়েক দফা এ বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু তারা এখনো কোনো নাম আমার কাছে দেননি। এমন অবস্থায় আমরা ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’
ওই সময় প্রস্তাবিত কমিটির কাঠামো তুলে ধরেন চিফ হুইপ। তিনি জানান, ১৭ সদস্যের কমিটিতে বিএনপি থেকে সাতজন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে একজন, গণসংহতি আন্দোলন থেকে একজন, গণঅধিকার পরিষদ থেকে একজন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একজন, স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে একজন ও বিরোধী দল থেকে পাঁচজন থাকবেন। তবে বিরোধী দল কোনো নাম না দেয়ায় তাদের জন্য পাঁচটি পদ শূন্য রেখে গত ১৩ জুলাই ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের পাঁচজনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
কমিটির সভাপতি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটির সদস্যরা হলেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাকিলা ফারজানা, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ।


