বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস আজ মানব পাচারকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে পারেনি কোনো সরকারই
জুলাই ৩০, ২০২৬
বিরামপুর রেলগেট বাঁশ ও দড়ি বেঁধে চলছে ব্যস্ত ক্রসিংয়ের কার্যক্রম বড় দুর্ঘটনার শঙ্কা
জুলাই ৩০, ২০২৬
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস আজ মানব পাচারকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে পারেনি কোনো সরকারই
জুলাই ৩০, ২০২৬
বিরামপুর রেলগেট বাঁশ ও দড়ি বেঁধে চলছে ব্যস্ত ক্রসিংয়ের কার্যক্রম বড় দুর্ঘটনার শঙ্কা
জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা ভূমিকম্প মোকাবেলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হচ্ছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প প্রস্তুতিবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। খবর বাসস।

শাহাদাৎ স্বাধীন জানান, সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা নিয়ে আলোচনা করা হয়। প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বলেও জানান তিনি।

উপ-প্রেস সচিব জানান, এরই মধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডেটাবেজ প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবকও প্রস্তুত করা হবে। বৈঠকে ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতিবিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, ‘‌সভায় সম্ভাব্য দুর্যোগকালীন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হয়। এছাড়া ঢাকা শহরে হিউম্যানিটারিয়ান স্ট্যাগিং এরিয়া (এইচএসএ) বা দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেয়ার বিশেষ লজিস্টিক হাব বা গুদামজাত কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এমএ মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সেই শিশু তাহসিনের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে মাইলস্টোন দুর্ঘটনায় বড় বোন হারানো শিশু তাহসিন আব্দুল্লাহ। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান।

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী আয়োজনে একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুলড্রেস পরা এক কিশোরের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেয়া দু’হাত আর চোখেমুখে উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়।

উত্তরার মাইলস্টোন স্কুলে ২০২৫ সালের জুলাইয়ে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তাহসিন হারায় তার বড় বোন তাসনিয়াকে। একই স্কুলে পড়লেও সেদিন তারা ছিল আলাদা ভবনে। তাহসিন তখন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আর তাসনিয়া পড়ত অষ্টম শ্রেণীতে। যুদ্ধবিমানটি আছড়ে পড়ে তাসনিয়াদের স্কুল ভবনে।

বোনকে হারানোর পর থেকে তাহসিনের মুখে আগের মতো প্রাণখোলা হাসি আর দেখা যেত না। বর্তমানে সে সপ্তম শ্রেণীতে পড়ছে। পরিবারে তার নার্সারিতে পড়ুয়া আরো একটি ছোট বোন রয়েছে।

গত ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে দেখা মেলে অন্য এক তাহসিনের। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মাঠ প্রদক্ষিণ করছিলেন, তখন তার কাছাকাছি আসার মুহূর্তে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিশুটি। সেই নির্মল হাসি আর উচ্ছ্বাস ক্যামেরাবন্দি হয়। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ তাহসিনের হাসির সঙ্গে নিজেদের অনুভূতি মিলিয়ে নেন।

পরবর্তীকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে পারেন, ছেলেটির রয়েছে এক হৃদয়বিদারক পারিবারিক ইতিহাস। বিষয়টি জানার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব জানান, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাহসিনের সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজখবর নেন। তিনি তাকে মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। আলাপচারিতায় তাহসিন জানায়, তার শখ ফুটবল খেলা। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোনসেট উপহার হিসেবে তুলে দেন তাহসিনের হাতে।

এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *