দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনা নিহত ৪, আহত ১২ পর্যটক
জুলাই ২৩, ২০২৬
গ্রেফতার
জুলাই ২৩, ২০২৬চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে ভেসে এসেছে ড্রেজারের পাইপ বহনে ব্যবহৃত একটি বিশালাকার ধাতব ফ্লোটার (নদী/সমুদ্রে ভেসে পাইপ বহন করে)।
প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্যের ফ্লোটারটি গত মঙ্গলবার জোয়ারের সময় সাগরে ভাসতে দেখে উদ্ধার করে তীরে নিয়ে এসেছেন স্থানীয় জেলেরা। নদী ও সমুদ্র চ্যানেল ড্রেজিংয়ের সঙ্গে যুক্ত সরকারি সংস্থাগুলো ভেসে আসা ফ্লোটারটি নিজেদের নয় বলে দাবি করেছে।
স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট ব্যাসের লোহার ফ্লোটারটি সাগরে ভাসতে দেখে মাছ ধরতে যাওয়া জেলেরা দুটি মাছ ধরার নৌকার সহায়তায় দ্বীপ উপজেলা সন্দ্বীপের সন্তোষপুর ইউনিয়নের বটগাছতলা ইলিশ ঘাটে নিয়ে আসেন।
উদ্ধারকারী জেলেরা জানান, ভেসে আসা ধাতব বস্তুটি প্রথমে তেলবাহী ট্যাংকারের অংশ মনে হয়। পরে নৌকা করে কাছে গিয়ে ভাসমান বস্তুটি লোহার সিলিন্ডার (ভেতরে ফাঁপা) হিসেবে নৌকার সঙ্গে বেঁধে নেন তারা। উদ্ধারকারী জেলে যীশু মাঝি প্রশাসনকে জানিয়েছেন, কোনো জাহাজ ডুবে যাওয়া কিংবা বড় দুর্ঘটনার পর জাহাজ থেকে ভেসে এসেছে বলে মনে করেছিলেন তারা। তবে ঘাটে নিয়ে আসার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিওটিএর ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুরকৌশল) মো. রেজাউর রশিদ খন্দকার বলেন, ‘এ ধরনের ফ্লোটার নদী বা সাগরের ড্রেজারে ব্যবহার হয়। খবর পাওয়ার পর আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। সন্দ্বীপ উপকূলে বর্তমানে আমাদের একটি ড্রেজার অবস্থান করছে। তাছাড়া বিআইডব্লিওটিএর প্রায় সব ড্রেজারের পাইপ বহনে প্লাস্টিকের ফ্লোটার ব্যবহার হয়।’ পুরনো প্রযুক্তির ভেসে আসা ফ্লোটারটি বেসরকারি কোনো প্রতিষ্ঠানের হতে পারে বলে জানিয়েছেন তিনি।
যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী ড. তারজির সাইফ আহমেদ বণিক বার্তাকে বলেন, ‘সন্দ্বীপ চ্যানেলে ড্রেজারের একটি অংশ ভেসে আসার খবর আমরা শুনেছি। অনেক আগেই সন্দ্বীপ চ্যানেলের মিরসরাই অংশে জাতীয় ইকোনমিক জোন এলাকার কাজে মাটি ভরাটের প্রয়োজনে ড্রেজিং করা হয়েছিল। এখন পাউবোর এ ধরনের কোনো কার্যক্রম নেই। ফলে ভেসে আসা ফ্লোটারটি কার, কীভাবে এসেছে সে বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।’
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, সন্দ্বীপ চ্যানেলে ভেসে আসা একটি পুরনো ধাতব বস্তু উদ্ধারের খবর আমরা পেয়েছি। এখন পর্যন্ত কেউই ধাতব অংশটির মালিকানা দাবি করে যোগাযোগ করেনি। বর্তমানে সন্তোষপুরের বটগাছতলা ঘাটসংলগ্ন খালে কাঠামোটি রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।


