ফিফায় মিসরের অভিযোগ
জুলাই ৯, ২০২৬
এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা
জুলাই ৯, ২০২৬
ফিফায় মিসরের অভিযোগ
জুলাই ৯, ২০২৬
এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা
জুলাই ৯, ২০২৬

জয় শেষে সুইজারল্যান্ড কোচ আমাদের যাত্রা থামছে না

৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড।

এর আগে তারা তিনবার কোয়ার্টার ফাইনাল খেললেও সর্বশেষ শেষ আটে তাদের অংশগ্রহণ ছিল ১৯৫৪ সালের আসরে। গতকাল সকালে কানাডার ভ্যাঙ্কুভারে শেষ ষোলোর ম্যাচে লাতিন দল কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য ছুঁয়েছে সুইসরা। তবে এখানেই দায়িত্বটা শেষ করতে চান না সুইস কোচ মুরাত ইয়াকিন। ‘রেড ক্রসেস’ খ্যাত দলটির লক্ষ্য আরো অনেক দূর এগিয়ে যাওয়ার। জয়ের পর তিনি বলেন, ‘এটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা সুইস দলের ইতিহাসের সেরা মাইলফলক ছুঁয়েছি, তবে আমাদের এ যাত্রা এখানেই থামছে না।’

১৯৩৪ সাল থেকে বিশ্বকাপ খেলা সুইজারল্যান্ডের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। বৈশ্বিক আসরে মোট ১৩ বার অংশ নিয়েছে দলটি। এবার বিশ্বকাপ অভিযান শুরুর আগে সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত শাকা বলেছিলেন, দেশের ফুটবল ইতিহাস নতুন করে লিখতে চান তারা। কলম্বিয়াকে হারিয়ে কি সেই পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তারা?

কলম্বিয়ার বিপক্ষে নিজেদের পরিকল্পনা কাজে লেগেছে বলে মনে করেন সুইজারল্যান্ড কোচ। ২৯ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার রুবেন ভার্গাসকে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মাঠে নামান ইয়াকিন। টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণী শেষ শটটি নেন ভার্গাস। নিজের পরিকল্পনায় সফল হওয়ায় জয় শেষে ৫১ বছর বয়সী কোচ ইয়াকিন বলেন, ‘তাকে (ভার্গাস) বলটি জালে জড়াতে দেখাটা সত্যিই অবিশ্বাস্য ছিল। আমি ভীষণ স্বস্তি পেয়েছি ও খুশি হয়েছি।’

অনুশীলনে চোট পাওয়ায় কলম্বিয়ার বিপক্ষে মিডফিল্ডার জোহান মানজাম্বিকে পায়নি সুইজারল্যান্ড। সুইসরা অবশ্য তার অভাব বেশ ভালোভাবে সামলে নিয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে সবকিছু ঠিকঠাক হওয়ায় খুশি কোচ ইয়াকিন। তিনি বলেন, ‘প্রতিটি ছোট সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ ছিল। সব পরিকল্পনা কাজে লেগেছে। জোহানের অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা ছিল, কিন্তু দল হিসেবে সেটা ভালোভাবে সামলেছি। জানতাম, এটা ঐতিহাসিক ম্যাচ, শেষ ষোলো থেকে সেরা আটে যাওয়ার সুযোগ প্রতিদিন আসে না।’

২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে যায় সুইজারল্যান্ড। ওই হারের সাক্ষী ছিলেন ভার্গাস। এবার দলকে টাইব্রেকার জিততে সাহায্য করতে পেরে ভীষণ খুশি তিনি। জয় শেষে ভার্গাস বলেন, ‘এমন মুহূর্তে আমার নিজের ওপর আস্থা রাখতে হতো। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলাম। জয়সূচক পেনাল্টি গোলটি করতে পারাটা আমার কাছে দারুণ এক অনুভূতি ছিল।’

সুইসদের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। রোববার সকালে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে খেলতে হবে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *