চায়ের তিন নিলাম কেন্দ্র দেশে নিলামে বিক্রি হওয়া চায়ের মাত্র ৩% লেনদেন হয় শ্রীমঙ্গল ও পঞ্চগড়ে
জুলাই ৭, ২০২৬
ডিসেম্বরে নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা —শিক্ষামন্ত্রী
জুলাই ৭, ২০২৬
চায়ের তিন নিলাম কেন্দ্র দেশে নিলামে বিক্রি হওয়া চায়ের মাত্র ৩% লেনদেন হয় শ্রীমঙ্গল ও পঞ্চগড়ে
জুলাই ৭, ২০২৬
ডিসেম্বরে নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা —শিক্ষামন্ত্রী
জুলাই ৭, ২০২৬

উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত —মির্জা ফখরুল

দেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে হলে তা অবশ্যই অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও পল্লীকেন্দ্রিক হতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, শহর এগিয়ে গেলেও দেশের গ্রামীণ জনপদ পিছিয়ে থাকলে প্রকৃত সমৃদ্ধি অর্জন কোনোভাবেই সম্ভব নয়।

গতকাল রাজধানীর সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে সংস্থাটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘১৯৭৯ সালে বাংলাদেশসহ এ অঞ্চলের অন্যান্য দেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে সিরডাপ প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠার স্মরণে দিবসটি পালন করা হয়। বাংলাদেশ বর্তমানে সিরডাপ গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রায় পাঁচ দশক ধরে সিরডাপ আঞ্চলিক সংহতি, দারিদ্র্য হ্রাস ও সদস্য দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ২১৫টি গবেষণা কর্মসূচি এবং ৩৫০টি সক্ষমতা উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। বর্তমানে গ্রামীণ সমাজ জলবায়ু পরিবর্তন, ডিজিটাল রূপান্তর, খাদ্যনিরাপত্তা এবং যুব বেকারত্বের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সিরডাপ জলবায়ু-সহনশীল কৃষি এবং গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে।’

একই সঙ্গে আরো ৪০টি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ এবং প্যাসিফিক আইল্যান্ডস ডেভেলপমেন্ট ফোরামের (পিআইডিএফ) সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার আঞ্চলিক কার্যক্রম সম্প্রসারণ করছে।’

ভিন্ন এক বক্তব্যে দেশকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পরনির্ভরশীলতার সংস্কৃতি থেকে বের হয়ে এসে নিজেদের উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী।

গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ গড়তে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেকে ভালো কাজে মনোনিবেশ করতে হবে। কারো ওপর নির্ভরশীল না হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নিজেদের উদ্যোগী হতে হবে।’

গ্রামীণ নেতৃত্বের বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে দুর্নীতি নির্মূলের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘অন্য কারো ওপর নির্ভর করে নিজের অবস্থার পরিবর্তন করা যায় না। নিজের কাজ নিজেকেই করতে হবে। গ্রাম সরকার গঠন করা হলে স্থানীয় নেতৃত্ব বিকশিত হবে এবং তৃণমূল থেকেই দুর্নীতিকে বিদায় জানাতে হবে। নিজে ঠিক থাকলে অন্যকেও ঠিক করা সম্ভব।’

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দিবসটির এবারের প্রতিপাদ্য উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।

বক্তব্যে তিনি বলেন, ‘অতীতে ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে, আস্থার জায়গা নষ্ট করে গেছে। সেসব থেকে বের হয়ে অন্যের হক প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এজন্য সমবায়কে নতুন করে গড়ে তুলতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *