খুচরা বিনিয়োগ কম এক দশকের মধ্যে স্বর্ণের বড় দরপতন
জুলাই ৪, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোয় কে কার মুখোমুখি, কখন কোন ম্যাচ
জুলাই ৪, ২০২৬
খুচরা বিনিয়োগ কম এক দশকের মধ্যে স্বর্ণের বড় দরপতন
জুলাই ৪, ২০২৬
বিশ্বকাপের শেষ ষোলোয় কে কার মুখোমুখি, কখন কোন ম্যাচ
জুলাই ৪, ২০২৬

ওপেক প্লাস আগস্টে আরেক দফা বাড়তে পারে জ্বালানি তেল উত্তোলন কোটা

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস।

আগস্ট থেকে জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর বিষয়ে আগামী রোববার জোটের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন এবং হরমুজ প্রণালিতে চলমান পরিস্থিতির মধ্যেই এমন আভাস পাওয়া গেল।

সূত্রগুলো জানিয়েছে, আগস্টে জ্বালানি তেল উত্তোলন দৈনিক ১ লাখ ৮৮ হাজার ব্যারেল পর্যন্ত বাড়ানো হতে পারে। এর আগে জুন ও জুলাইয়ের জন্যও একই হারে উত্তোলন কোটা বাড়িয়েছে তেল রফতানিকারক দেশগুলোর জোটটি। বিষয়টি নিয়ে ওপেকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, উত্তোলন বাড়ানোর বিষয়ে জোরালো আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

রাশিয়াসহ তেল উত্তোলনকারী মিত্র দেশগুলোকে নিয়ে গঠিত ওপেক প্লাস জোটের মূল সাতটি সদস্য দেশ এরই মধ্যে গত এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দৈনিক উৎপাদন প্রায় আট লাখ ব্যারেল বাড়িয়েছে। মূলত ২০২৩ সালে নেয়া দৈনিক ১৬ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত থেকে ধাপে ধাপে সরে আসার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সম্প্রতি ইরান সংঘাতের কারণে জোটের মূল সদস্য দেশগুলোর জ্বালানি তেল উত্তোলন উল্লেখযোগ্য হারে কমে গিয়েছিল। ওপেকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যেখানে দৈনিক উৎপাদন ছিল ৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার ব্যারেল, তা মে মাসে কমে দাঁড়ায় ৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার ব্যারেলে।

উত্তোলন কমলেও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে এসেছে। চীনে জ্বালানি তেলের আমদানি হ্রাস, মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো থেকে রফতানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার উদ্যোগে জরুরি মজুদ থেকে রেকর্ড পরিমাণ তেল বাজারে ছাড়ার কারণে দাম কমেছে। এছাড়া যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে। বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭২ ডলারের কাছাকাছি নেমে এসেছে।

এদিকে জোটের অন্যতম প্রতিষ্ঠাতা ও দ্বিতীয় বৃহত্তম উত্তোলনকারী দেশ ইরাক উৎপাদন বাড়ানোর অনুমতি না পেলে ওপেক ছাড়ার বিষয়টি বিবেচনা করছিল। পরবর্তী সময়ে বাগদাদ জানায়, তারা জোটের প্রতিটি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে উৎপাদন কোটা পুনর্নির্ধারণের পক্ষে। অন্যদিকে গত ১ মে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ওপেক প্লাস জোট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়। আগস্ট থেকে জোটের অবশিষ্ট সাতটি দেশ দৈনিক ৩ লাখ ৭৯ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ধাপে ধাপে বাজারে ফিরিয়ে আনবে।

বর্তমান গতি বজায় থাকলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই উৎপাদন কমানোর আগের পুরো সিদ্ধান্তটি প্রত্যাহার করা সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *