রাবির শহীদ জিয়াউর রহমান হল সিট বরাদ্দ বাতিলের পরও হলে থাকছেন দুই নেতা
জুলাই ৪, ২০২৬
বান্দরবানে গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
জুলাই ৪, ২০২৬
রাবির শহীদ জিয়াউর রহমান হল সিট বরাদ্দ বাতিলের পরও হলে থাকছেন দুই নেতা
জুলাই ৪, ২০২৬
বান্দরবানে গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
জুলাই ৪, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ ১৩ শতাংশ বেড়েছে

 

২০২৬-২৭ অর্থবছরে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সংস্থাটি জানিয়েছে, এবার গবেষণা খাতে বরাদ্দ ১৩ শতাংশ বেড়েছে।

নতুন অর্থবছরে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের বরাদ্দ ইউজিসির অধীনে রাখা হয়েছে। সে হিসেবে এবার বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আলাদা বরাদ্দ পাচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বরাদ্দ পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের গবেষণা পরিকল্পনা, উপখাতভিত্তিক অর্থের চাহিদা ও বাজেট প্রাক্কলন ইউজিসিতে পাঠাতে হবে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষণা খাতে বরাদ্দের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইউজিসি। এর আগে বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারদের জানানো হয়েছে।

কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে ইউজিসি ২২৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। কাজেই গবেষণা খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

একই সঙ্গে গবেষণা খাতে দ্বৈততা পরিহারের লক্ষ্যে সরকারের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী, গবেষণা প্রকল্পে অর্থায়ন পদ্ধতি আরো সহজ, স্বচ্ছ ও গবেষকবান্ধব করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক স্বকীয়তা, গবেষণার অগ্রাধিকার ও বিষয়ভিত্তিক বৈচিত্র্য ক্ষুণ্ন হবে না। বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থছাড়ের কার্যক্রম সম্পন্ন করবে ইউজিসি।

গবেষণায় বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

জ্যেষ্ঠ গবেষকদের সঙ্গে উদীয়মান গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ইকোসিস্টেম তৈরিতে অগ্রাধিকার দেয়ার কথাও বলেছে কমিশন। গবেষণা প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রয়োজনীয়তা ও সরকারের অগ্রাধিকার বিবেচনাকে প্রাধান্য দেয়ার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে ২০২১-২২ অর্থবছরে গবেষণার বরাদ্দের টাকা মাসিক ভাতা বাবদ শিক্ষকদের মধ্যে বিলানোর অভিযোগ উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ২০২২ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত সরকারি হিসাবসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ওই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকদের মাসিক ভাতা বাবদ বিলানো গবেষণার টাকা ফেরত নেয়ার সুপারিশ করেছে। সে অনুসারে ছয়টি বিশ্ববিদ্যালয়কে টাকা ফেরত দেয়ার চিঠি দেয় ইউজিসি। এ ছয়টির মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৮ লাখ ৪১ হাজার টাকা শিক্ষকদের বিলিয়েছে। এমন বাস্তবতায় এ অর্থবছর থেকে গবেষণার বরাদ্দের টাকা বিতরণের দায়িত্ব নিজেদের হাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *