
বিবিএসের দাবি দেশের অর্থনীতির আকার অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল
জুন ১১, ২০২৬
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পানি নেই ২৯ দিন, চিকিৎসা শেষ না করেই বাড়ি ফিরছে রোগীরা
জুন ১১, ২০২৬দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তাদের মধ্যে ফেনীতে বিদ্যুতায়িত হয়ে তিনজন, নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশু, রাজবাড়ী ও চট্টগ্রামে একজন করে নিহত হয়েছেন। এছাড়া রাজশাহী ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন করে এবং মেহেরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
ফেনী: জেলায় পৃথক স্থানে গতকাল বিদ্যুতায়িত হয়ে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ চর মনিকা গ্রামের মাঝিবাড়ির মো. সবুজের ছেলে ইমাম হোসেন, ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের সেলিম চেয়ারম্যানের বাড়ির জালাল আহমেদের ছেলে মো. দুলাল (৩৫) এবং ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর ভূঞাবাড়ির নজির আহাম্মদের ছেলে মানিক (৩৭)।
মেহেরপুর: জেলার গাংনী উপজেলার মটমুড়া গ্রামে গতকাল বজ্রপাতে আলী হোসেন (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আলী হোসেন বাওট সোলায়মানী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং মটমুড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী ইউনুস আলীর বড় ছেলে।
রাজবাড়ী: জেলার গোয়ালন্দ উপজেলায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে গতকাল সানভির (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সানভির উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজউদ্দিন মৃর্ধাপাড়া এলাকার মো. ফারুক মোল্লার ছেলে।
চট্টগ্রাম: জেলার বাঁশখালী উপজেলায় পুকুরে ডুবে গতকাল এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত কলেজছাত্রীর নাম ফাহিমা তাসলিম সাদিয়া (২২)। তিনি ওই গ্রামের হাফেজ মাওলানা ফরিদুল আলমের মেয়ে।
নড়াইল: জেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের দুই বছরের ওমর ফারুক, তার বড় ভাই পাঁচ বছরের আবু বক্কার এবং শোলপুর গ্রামের বাপ্পী শেখের দেড় বছরের শিশুপুত্র আব্দুর রহমান।
রাজশাহী: জেলার মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে সিএনজিচালিত মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।
হবিগঞ্জ: জেলার মাধবপুর উপজেলায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গতকাল দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার ধরমণ্ডল গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে ও অটোরিকশাচালক আক্কাছ মিয়া (৩৮) ও বেঙ্গাডোবা গ্রামের মৃত কামরুল হাসানের স্ত্রী মনোয়ারা বেগম (৭০)।
পিরোজপুর: মঠবাড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে। ঘটনার পর থেকে ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সাফার দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


