
তিন জেলায় সড়কে শিশুসহ নিহত ৭
জুন ৯, ২০২৬
গত অর্থবছরে ২০২টি দেশে পণ্য রফতানি হয়েছে —বাণিজ্যমন্ত্রী
জুন ৯, ২০২৬স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মাঠ ও পার্ক পুনরুদ্ধার, আধুনিকায়ন এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার এরই মধ্যে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি গতকাল সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলুফার চৌধুরী মনির কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিসের জবাবে দেশের খেলার মাঠ ও পার্কগুলোর বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক ও অন্যান্য কারণে দেশের অনেক মাঠ ও উন্মুক্ত স্থান দখল হয়ে গিয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই এসব স্থান পুনরুদ্ধার করে জনগণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে।’
মন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২৫৬টি পার্ক ও খেলার মাঠের উন্নয়ন ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে। গুলিস্তানের
শহীদ মতিউর রহমান পার্ককে হকার ও অপরাধমুক্ত করে আধুনিক পার্কে রূপান্তর করা হয়েছে। এছাড়া মতিঝিল পার্ক, নবাবগঞ্জ পার্ক, রসুলবাগ মাঠ, খিলগাঁও-বাসাবো মাঠ, সাদেক হোসেন খোকা মাঠ, হাজারীবাগ পার্ক, আমলীগোলা খেলার মাঠসহ বিভিন্ন স্থানে উন্নয়নকাজ চলমান রয়েছে।
তিনি আরো জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ৩৮টি পার্ক ও মাঠ আধুনিকায়ন করে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। একই সঙ্গে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনেও পর্যায়ক্রমে খেলার মাঠ ও পার্ক নির্মাণের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন পার্কে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সুস্থ পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
নরসিংদী-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘এলজিইডির আওতায় সরকারি ক্রয় আইন-২০০৬ ও সরকারি ক্রয় বিধিমালা অনুযায়ী মূলত দুটি পদ্ধতিতে কাজ সম্পাদন হয়। এর মধ্যে ৫ কোটি টাকা পর্যন্ত প্রকল্প সীমিত দরপত্র পদ্ধতিতে বাস্তবায়ন হয়, যেখানে সংশ্লিষ্ট জেলার নিবন্ধিত ঠিকাদাররাই অংশগ্রহণ করতে পারেন। অন্যদিকে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দেশের যেকোনো প্রান্তের ঠিকাদার কাজ পাওয়ার সুযোগ পান।’
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।
সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খানের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিসের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যে ধরনের কনটেন্ট প্রকাশ ও প্রচার করা হচ্ছে, তা আদৌ মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে কিনা সে বিষয়ে নতুন করে সংজ্ঞা নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে।’
অন্যদিকে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, চলতি মৌসুমে দেশে মোট ৩ কোটি ২৭ লাখ ৫ হাজার ৯২৯ টন বোরো ধান উৎপাদন হয়েছে। জামালপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ‘অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলে বোরো ফসলের উল্লেখযোগ্য ক্ষতি হলেও কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকারি সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতে সরকার সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’
গৃহীত পদক্ষেপের বিষয়ে প্রতিমন্ত্রী সংসদকে জানান, হাওর এলাকায় অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ৩ মে শুরু হয়েছে। এতে কৃষকরা সরকারি গুদামের আঙিনায় ধান শুকিয়ে সরাসরি সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পাচ্ছেন।


