ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন
জুন ৭, ২০২৬
এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে: রাশেদ খাঁন
জুন ৭, ২০২৬
ব্লক মার্কেটে ১৭৮ কোটি টাকার লেনদেন
জুন ৭, ২০২৬
এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে: রাশেদ খাঁন
জুন ৭, ২০২৬

‘রকস্টার’-এর মাঝেই শাকিবের নতুন দুই সিনেমার খবর

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খানের রকস্টার রুপালি পর্দায় রাজত্ব করছে।

তার নতুন মিউজিক্যাল ফিল্ম রকস্টার দেখতে প্রেক্ষাগৃহগুলোয় এখন দর্শকের উপচে পড়া ভিড়। এ আনন্দের মাঝেই ভক্তদের জন্য একসঙ্গে দুটি সুখবর নিয়ে হাজির হলেন এ শীর্ষ নায়ক। চলতি বছরের মধ্যেই পর্দায় আসছে তার নতুন সিনেমা ‘সোলজার’। পাশাপাশি ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর আবারো পরিচালক হিমেল আশরাফের সঙ্গে নতুন মিশন শুরু করছেন তিনি।

নতুন লুকে সোলজার

সম্প্রতি রকস্টার সিনেমার একটি বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। সেখানে তিনি তার আটকে থাকা বড় বাজেটের সিনেমা সোলজার নিয়ে কথা বলেন। সান মোশন পিকচারসের প্রযোজনায় নির্মিত এ সিনেমার বেশির ভাগ শুটিং আগেই শেষ হয়েছিল।

সিনেমাটি নিয়ে শাকিব বলেন, ‘‌এ বছরই সান মোশন পিকচারসের সোলজার রিলিজ হচ্ছে। ছবির কাজ এখন একদম শেষ পর্যায়ে। শিগগিরই আমরা এর ক্যামেরা ক্লোজ করব। বাকি শুটিংটুকু দেশের বাইরে করা হবে। চলতি বছরেই দর্শক পর্দায় একটি দারুণ গল্প দেখতে পাবেন।’

শাকিব-হিমেল জুটির ‘হ্যাটট্রিক’

সোলজারের পাশাপাশি শাকিব ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক পরিচালক হিমেল আশরাফের সঙ্গে তার নতুন সিনেমা। ২০২৩ সালের ব্লকবাস্টার প্রিয়তমা ও পরবর্তী সময়ে রাজকুমার সিনেমার পর এটি এ জুটির তৃতীয় কাজ। তবে আগের দুটি সিনেমা ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে হলেও নতুন প্রজেক্টটি যৌথভাবে নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

কদিন আগেই এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহেন্দ্র সোনি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল ও নির্মাতা হিমেল আশরাফের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘‌শুরু হোক আবার’।

নতুন এ সিনেমা নিয়ে পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘বর্তমানে সিনেমার প্রি-প্রডাকশনের কাজ চলছে। আমাদের সিনেমার শুধু গল্প চূড়ান্ত হয়েছে। এটি মূলত রোমান্টিক প্রেমের গল্পনির্ভর একটি পারিবারিক সিনেমা হবে, যা মানুষকে এক সুন্দর ভালোবাসার গল্প দেখাবে। আগামী মাসে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আমরা বিস্তারিত জানাব।’

দীর্ঘ পথচলায় স্মৃতিকাতর নায়ক

কথায় কথায় দীর্ঘ ২৭ বছরের রঙিন ক্যারিয়ার নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শাকিব খান। তিনি স্মৃতির পাতা উল্টে বলেন, ‘‌আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। মাত্র তিন মাসের জন্য এ ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। কিন্তু কাজের টানে কখন যে ২৭টা বছর পার হয়ে গেল, টের পাইনি। জার্নিটা আসলেই অনেক সুন্দর ছিল।’

সিনেমার নানা সংকট ও ভবিষ্যৎ নিয়ে শাকিব বলেন, ‘অনেক চড়াই-উতরাই যে শুধু আমাদের সিনেমার মানুষ পার করেছে তা না; বিভিন্ন সময় দেশের নানা ক্রাইসিস থাকে, তাতে আমাদের পুরো দেশ পিছিয়ে যায়। আবার তার মধ্য দিয়েই সিনেমাকে আমরা সবাই একত্রিত হয়ে, যার যার সক্ষমতা দিয়ে চেষ্টা করি এগিয়ে নিতে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *