আর বাকি ৯ দিন টানা দুই আসরে বিপর্যয়ের পর ফিরবে কি জার্মানি
জুন ২, ২০২৬
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে
জুন ২, ২০২৬
আর বাকি ৯ দিন টানা দুই আসরে বিপর্যয়ের পর ফিরবে কি জার্মানি
জুন ২, ২০২৬
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে
জুন ২, ২০২৬

ছয় জেলায় সড়কে প্রাণ গেল ১২ জনের

দেশের ‍বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় (গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত) ১২ জনের মৃত্যু হয়েছে।

নিহতের মধ্যে নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন, চট্টগ্রামে তিন, জয়পুরহাটে দুই, পটুয়াখালী, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জে একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

নাটোর: জেলার সিংড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও তিন মোটরসাইকেল আরোহীসহ চারজন নিহত হয়েছেন। গতকাল নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়। এর আগে রোববার রাতে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী প্রাণ হারান।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার আলাইপুর এলাকার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬), সদর উপজেলার ইসলামবাড়ি গ্রামের মোতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন হীরা (২৬) এবং লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮) ও সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের আসমা খাতুন (৪৫)

চট্টগ্রাম: জেলার ফটিকছড়ি ও বাঁশখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল পিতা-পুত্রসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের আমতল এলাকায় একটি বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন স্থানীয় আমতল এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান এবং তার ছেলে মোহাম্মদ আরিফ। অন্যদিকে ঈদের ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে বাঁশখালী পিএবি সড়কে মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বাহাদুর আলম নামে এক যুবক নিহত হন।

পটুয়াখালী: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুই কিশোর এবং এক পথচারী নারী আহত হয়েছেন। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং উপজেলার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।

গোপালগঞ্জ: জেলার সদর উপজেলায় গতকাল যাত্রীবাহী বাসের ধাক্কায় আইয়ুব আলী খাঁ (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁর ছেলে।

জয়পুরহাট: জেলার ক্ষেতলালে ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী। গতকাল উপজেলার নিশ্চিন্তা বাজার-চানপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন সরকার (২৮) এবং তার শ্যালক হারুঞ্জা গ্রামের সামছুল ইসলামের ছেলে ফেরদৌস (১২)। আহত হয়েছেন ইমনের স্ত্রী সুরাইয়া খাতুন (১৮)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়কে ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলটি পিছলে নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

মুন্সিগঞ্জ: জেলার টঙ্গিবাড়ীতে দ্রুতগতির ট্রাকচাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে প্রাণ গেছে সিয়াম হাওলাদার নামের (১৩) বছর বয়সী এক কিশোরের। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম বলই গ্রামের মৃত অলি হাওলাদারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *