২০২৬ সাল ব্রাজিলে কফি উৎপাদন ও রফতানিতে নতুন রেকর্ডের পূর্বাভাস
জুন ১, ২০২৬
তোফায়েল আহমেদ আর নেই
জুন ১, ২০২৬
২০২৬ সাল ব্রাজিলে কফি উৎপাদন ও রফতানিতে নতুন রেকর্ডের পূর্বাভাস
জুন ১, ২০২৬
তোফায়েল আহমেদ আর নেই
জুন ১, ২০২৬

ঢালিউডে মিথিলার অভিষেক ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা বাজারে বেশ সাড়া ফেলেছে ‘রকস্টার’।

এ সিনেমার মাধ্যমেই দেশের রুপালি পর্দায় জমকালো অভিষেক ঘটল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার। রকস্টার মুক্তির পর থেকেই তার অভিনয় ও পর্দায় উপস্থিতি প্রেক্ষাগৃহগুলোয় বেশ প্রশংসিত হচ্ছে। প্রথম বাংলা সিনেমায়ই দর্শকের এমন সাড়া ও ভালোবাসা পেয়ে আবেগে ভাসছেন এ তারকা। সংশ্লিষ্টদের মতে, কয়েক বছর ধরে ঢাকাই সিনেমায় কোনো অভিনেত্রীর শুরু এতটা দর্শকপ্রিয়তা পায়নি। এ যেন রাজকীয় সূচনা।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের ভালোলাগা ও উচ্ছ্বাসের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিথিলা।

ফেসবুক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করে মিথিলা লেখেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না, পর্দায় প্রথমবার নিজেকে দেখার পর যখন আপনাদের উচ্ছ্বাস, চিৎকার আর ভালোবাসা শুনেছি, তখন সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’

সিনেমা হলে নিজের প্রথম দৃশ্য দেখার সময় দর্শকের যে উন্মাদনা ছিল, তা মিথিলাকে গভীরভাবে স্পর্শ করেছে। একজন নবাগত চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ারের এ বিশেষ মুহূর্তটি তার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

অনুরাগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশখ্যাত এ অভিনেত্রী আরো যোগ করেন, ‘আপনাদের ভালোবাসা, সমর্থন আর উৎসাহ আমাকে আরো বড় স্বপ্ন দেখতে সাহস দেয়। প্রতিটি হাততালি, প্রতিটি হাসি আর প্রতিটি সুন্দর কথার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারাই এ মুহূর্তকে আমার জীবনের সবচেয়ে সুন্দর ও স্মরণীয় স্মৃতিগুলোর একটি করে তুলেছেন।’

রকস্টার পরিচালনা করেছেন আজমান রুশো। এটি মিউজিক্যাল রোম্যান্টিক ধাঁচের সিনেমা। মুক্তির আগেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে সিনেমায় শাকিব খানের ভিন্নধর্মী একাধিক লুক, চমৎকার গেটআপ ও চোখ ধাঁধানো অ্যানিমেশন টিজার দর্শককে দারুণভাবে মুগ্ধ করেছে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন সাবিলা নূর এবং আরেকটি বিশেষ চরিত্রে আছেন তানজিয়া জামান মিথিলা। ঈদের বড় ধামাকা হিসেবে সিনেমাটি দেশের রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

উল্লেখ্য, তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০-এ বিজয়ী হন। তাকে মিস ইউনিভার্স ২০২০-এ অংশ নেয়ার জন্য বাছাই করা হলেও কভিড-১৯ মহামারীর সময় ভ্রমণ নিষেধাজ্ঞা ও বাংলাদেশের ওপর আরোপিত অতিরিক্ত নিষেধাজ্ঞার কারণে তিনি প্রতিযোগিতায় অংশ নিতে ব্যর্থ হন। এর পাঁচ বছর পর, তাকে পুনরায় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট পরানো হয়। এবং তিনি মিস ইউনিভার্স ২০২৫-এ অংশ নেন। সেখানে মিস ইউনিভার্স শীর্ষ ৩০-এ জায়গা করে নেন। এর আগে মিথিলা বলিউডের চলচ্চিত্র ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নোহোয়্যার (২০২১)’-এ প্রধান চরিত্রে অভিনয় করেন। বিখ্যাত পরিচালক হায়দার খান পরিচালিত এ চলচ্চিত্র মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত ও নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনসংগ্রাম, ইতিহাস ও তাদের টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে নির্মিত।

আন্তর্জাতিক অঙ্গন ও বলিউডে নিজের দক্ষতার প্রমাণ দেয়ার পর, নিজ দেশের চলচ্চিত্রে তানজিয়া জামান মিথিলার এ রঙিন অভিষেক নিঃসন্দেহে ঢালিউডের জন্য এক ইতিবাচক বার্তা। রকস্টার সিনেমায় তার অভিনয় নিয়ে দর্শকের এ বিপুল উন্মাদনা ও ভালোবাসা প্রমাণ করে যে দর্শক নতুন ও সম্ভাবনাময় প্রতিভাকে বরণ করে নিতে প্রস্তুত। প্রথম সিনেমায়ই দর্শকের মন জয় করা মিথিলা আগামী দিনে ঢালিউডের রুপালি পর্দায় আরো বড় চমক নিয়ে আসবেন এবং নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্ট ও তার ভক্ত-অনুরাগীদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *