জিয়ার আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
মে ২৯, ২০২৬
রংপুর-সিলেটসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
মে ৩০, ২০২৬
জিয়ার আদর্শ ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
মে ২৯, ২০২৬
রংপুর-সিলেটসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
মে ৩০, ২০২৬

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি —অর্থমন্ত্রী

কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেই হবে না, সেই প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রামের কাট্টলী দারুচ্ছালাম জামে মসজিদে গতকাল ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেশের ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় নিতে সরকার কাজ করছে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন।’

এবারের কোরবানির ঈদে বাজার পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় ভালো ও সহনীয় ছিল বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। এ বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সাধারণত কোরবানির ঈদে দ্রব্যমূল্য বেড়ে যায়। এবার উল্টো কমেছে। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি।’

জনগণের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিকে সঠিক জায়গায় নিতে আমাদের একটু সময় দিন। আমরা নির্বাচিত সরকার। জনগণের কাছেই দায়বদ্ধ। আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাচ্ছি।’

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে। চট্টগ্রামের ইতিহাসে প্রথম অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার দেশবাসীকে অর্থনীতির গতিপথের দিশা দেখাবেন আমির খসরু। বাজেটকে সামনে রেখে দেশের অর্থনীতির হালচাল সাংবাদিকদের কাছে সংক্ষেপে তুলে ধরেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘খালি প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তো হবে না। সাধারণ মানুষকে অর্থনীতির সুফল পেতে হবে। দ্রব্যমূল্য যদি সাধারণ মানুষের আওতার বাইরে চলে যায়, তাহলে তো তারা অর্থনীতির সুফল থেকে বঞ্চিত হবে।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা বিগত সরকারগুলোর কাছ থেকে দেশের একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতেও সেই ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় আনতে হচ্ছে। আমরা সমৃদ্ধির পথে যাব, ইনশা আল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *