আইনজীবীর পোশাকে কলকাতা হাই কোর্টে মমতা ব্যানার্জি
মে ১৪, ২০২৬
বিরোধী দলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মে ১৪, ২০২৬
আইনজীবীর পোশাকে কলকাতা হাই কোর্টে মমতা ব্যানার্জি
মে ১৪, ২০২৬
বিরোধী দলীয় নেতার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মে ১৪, ২০২৬

চট্টগ্রামে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন

​চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। আজ বেলা ১১টায় চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​জানাজায় উপস্থিত হয়ে মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও চট্টগ্রামের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘রাজনৈতিক ক্যারিয়ারে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে তিনি অনেক অবদান রেখেছেন। চট্টগ্রামের উন্নয়নে তার ভূমিকার জন্য মানুষ তাকে দীর্ঘকাল স্মরণ রাখবে।’

​সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিপিবির সাবেক সভাপতি শাহ আলম এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানও জানাজায় অংশ নিয়ে মোশাররফ হোসেনের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন।

​পরিবারের পক্ষে বড় ছেলে সাবেদুর রহমান বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। জানাজা শেষে মরদেহ মিরসরাইয়ের তার নিজ গ্রাম উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত অনেককেই ‘জয় বাংলা’ শ্লোগান দিতে শোনা যায়।

প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করা মোশাররফ হোসেন (৮৩) একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও শিল্পপতি ছিলেন। মিরসরাই আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাশাপাশি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এ প্রবীণ নেতা।

২০২২ সালের একটি মামলায় ২০২৪ সালের ২৭ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়েছিল। ২০২৫ সালের ১৪ আগস্ট তিনি সব মামলায় জামিন পেয়ে কারাগারের বাইরে আসেন। এরপর থেকে তিনি শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত বুধবার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *