
একদিনে সাড়ে ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
মে ১২, ২০২৬
কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে দ্রব্যমূল্য, বাজারে অস্থিরতা নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ
মে ১২, ২০২৬মিরপুর টেস্টে গতকাল বৃষ্টিতে প্রায় ৩ ঘণ্টা খেলা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয় পৌনে ৪টায়।
আলো থাকা সাপেক্ষে চতুর্থ দিনের খেলা সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়। যদিও আলোকস্বল্পতায় ৫টা ২০ মিনিটেই দিনের সমাপ্তি টানতে হয়। এ সময় ৩ উইকেটে ১৫২ রান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দুই ইনিংস মিলে স্বাগতিক দলের লিড ১৭৯ রানের। নাজমুল হোসেন শান্ত ৫৮ ও মুশফিকুর রহিম ১৬ রানে অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৪১৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে পাকিস্তান সবক’টি উইকেট হারিয়ে ৩৮৬ রান তুলতে সমর্থ হয়। অভিষেকে সেঞ্চুরি করেন আজান আওয়াইস। মেহেদী হাসান মিরাজ নেন ৫ উইকেট। এরপর গতকাল বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ইনিংসে ৫০.৩ ওভার ব্যাটিং করে দেড়শ পেরিয়েছে স্বাগতিকরা।
বৃষ্টিস্নাত দিনে তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন মুমিনুল হক। ২০১৩ সালে গল টেস্টে অভিষেকে হাফ সেঞ্চুরি (৫৫) করেন। সেই থেকে ৭৬ টেস্টে ১৩টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরিতে পাঁচ হাজারেরও বেশি রান করার কৃতিত্ব দেখান কক্সবাজারের এ ক্রিকেটার। গতকাল চতুর্থ দিন তিনি ৫৬ রান করে আউট হয়ে যান। এর মধ্য দিয়ে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে টেস্টে পাঁচ হাজার রান পূর্ণ করেন তিনি।
প্রথম ইনিংসে ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল ঠিক ৫০ রান। পাকিস্তানি স্পিনার নোমান আলীকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে খেলে ঠেলে দিয়ে সিঙ্গল নিয়ে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি, সেই সঙ্গে ৫ হাজার রান। মুশফিক ১০১ টেস্টে ৬৫৯৭ রান নিয়ে শীর্ষে এবং সাবেক কৃতী ওপেনার ও বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৭০ টেস্টে ৫১৩৪ রান নিয়ে দুইয়ে অবস্থান করছেন।
তাদের পরেই এখন মুমিনুল, যাকে টেস্টে পাঁচ হাজার রান পূর্ণ করতে খেলতে হয়েছে ৭৬ টেস্ট।
ক্যারিয়ারের শুরুর দিকে টানা ১১ টেস্টে ফিফটি করে ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভ রিচার্ডস, ভারতের বীরেন্দ্র শেবাগ ও গৌতম গম্ভীরকে ছুঁয়ে অনন্য উচ্চতায় নিজের নাম লেখান মুমিনুল। এছাড়া আরো অনেক কীর্তি গড়েন তিনি। মাত্র ১১ টেস্টে হাজার রান, ২৬ টেস্টে ২ হাজার রান করেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে টেস্টে সবার আগে উভয় ইনিংসে সেঞ্চুরির রেকর্ডটা তারই গড়া। ২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলংকার বিপক্ষে উভয় ইনিংসে সেঞ্চুরি (১৭৬ ও ১০৫ রান) করার কীর্তি গড়েন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪১৩ ও ১৫২/৩। পাকিস্তান প্রথম ইনিংস: ৩৮৬। —চতুর্থ দিন শেষে


