ভোমরা স্থলবন্দর দিয়ে আমদা‌নি কমায় বেড়েছে শুকনা ম‌রিচের দাম
মে ১১, ২০২৬
ইরানের দৈনিক ১৮ লাখ ব্যারেল জ্বালানি তেল সরবরাহ ব্যাহত
মে ১১, ২০২৬
ভোমরা স্থলবন্দর দিয়ে আমদা‌নি কমায় বেড়েছে শুকনা ম‌রিচের দাম
মে ১১, ২০২৬
ইরানের দৈনিক ১৮ লাখ ব্যারেল জ্বালানি তেল সরবরাহ ব্যাহত
মে ১১, ২০২৬

বছরের প্রথম তিন মাস ট্রাম্প মিডিয়ার লোকসান ৪০ কোটি ৬০ লাখ ডলার

ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এর মূল প্রতিষ্ঠানের নাম ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ।

কোম্পানিটি সম্প্রতি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে প্রায় ৪০ কোটি ৬০ লাখ ডলার লোকসান গুনেছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি। অন্যদিকে এ সময়ে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৮ লাখ ৭০ হাজার ডলারের কিছু বেশি। খবর দ্য গার্ডিয়ান।

ট্রুথ সোশ্যালের জানুয়ারি-মার্চ প্রান্তিকের প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্প মিডিয়ার নিট বিক্রি গত বছরের তুলনায় ৬ শতাংশ বাড়লেও অন্যান্য বিনিয়োগে বিশাল লোকসান হয়েছে। এ ক্ষতির বড় একটি অংশই এসেছে ডিজিটাল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি থেকে। ২০২৫ সালে কোম্পানিটি প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন বা ৩৫০ কোটি ডলারের বিটকয়েন কিনেছিল। কারণ ওই সময় বিটকয়েনের দাম অনেকটা কমে যায়। তখন ট্রাম্প মিডিয়ার লক্ষ্য ছিল একটি বড় বিটকয়েন তহবিল তৈরির। এরপর থেকে বিটকয়েনের বাজারমূল্য প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়। ফলে কোম্পানিটিকে ৩৬ কোটি ৮০ লাখ ডলারের লোকসান গুনতে হয়। এছাড়া সুদ ও কর্মীদের শেয়ারভিত্তিক ভাতার পেছনেও বেশকিছু অর্থ খরচ হয়।

২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ট্রাম্পকে এক্স ও ফেসবুক থেকে নিষিদ্ধ করা হয়। এর পরই তিনি নিজস্ব যোগাযোগমাধ্যম হিসেবে ট্রুথ সোশ্যাল চালু করেন। এটি প্রেসিডেন্টের বক্তব্য প্রচারের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে থাকলেও বাণিজ্যিকভাবে খুব একটা সফল হতে পারেনি বলেই মনে করেন বিশ্লেষকরা।

ট্রাম্প মিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ম্যাকগার্ন অবশ্য এ লোকসানে বিচলিত নন। ট্রুথ সোশ্যালকে বাক্‌স্বাধীনতার একটি ‘দুর্গ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই এ প্লাটফর্মে নতুন ও আধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে।

এদিকে লোকসানের খবরের মাঝেই কোম্পানিটি ভবিষ্যৎ সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে। প্রায় পাঁচ মাস আগে ট্রাম্প মিডিয়া ক্যালিফোর্নিয়াভিত্তিক পারমাণবিক ফিউশন কোম্পানি ‘টিএই টেকনোলজিস’-এর সঙ্গে ৬০০ কোটি ডলারের একটি চুক্তির ঘোষণা দেয়। ফিউশন প্রযুক্তির মাধ্যমে এআই ডেটা সেন্টারগুলোয় বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনা রয়েছে তাদের। যদিও পারমাণবিক ফিউশন প্রযুক্তি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ম্যাকগার্ন জানান, তারা এ একীভূতকরণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিচ্ছেন। পাশাপাশি শেয়ারহোল্ডারদের মুনাফা বাড়াতে নতুন নতুন সুযোগ খুঁজছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *