
গ্রেফতার
মে ১০, ২০২৬
ইন্দোনেশিয়ার অ্যালুমিনিয়াম রফতানিতে রেকর্ড
মে ১০, ২০২৬বান্দরবান ও কক্সবাজারে বেড়ানো শেষে আট বন্ধু ঝিনাইদহে ফেরার জন্য বাসে রওনা হয়েছিলেন।
কিন্তু চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন। নিহত দুই বন্ধু নাঈমুল ইসলাম জিহাদ (২৩) ও মো. নাঈম ছাড়াও দুর্ঘটনায় আরো দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা রেহেনা বেগম (৬৫) ও ভোলার বাসিন্দা মনির আহমেদ (২০)। দুর্ঘটনায় জিহাদ ও নাঈমের বন্ধু দ্বীপ দত্ত আর মো. মাসুমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত বন্ধুরা সবাই ঝিনাইদহের বাসিন্দা ও সিটি কলেজের শিক্ষার্থী। এ দিন দেশের বিভিন্ন স্থানে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে নিহতের এক বন্ধু মো. জিসান বলেন, ‘আমাদের ১২ জন বন্ধু সোমবার বান্দরবান গিয়েছিল। সেখানে দুই রাত থেকে কক্সবাজারে যায়। তাদের মধ্যে চারজন শুক্রবার সন্ধ্যায় বাড়ি চলে যায়, আর আটজন গতকাল ঢাকা হয়ে ঝিনাইদহে যাওয়ার কথা ছিল। পথে ঘটে দুর্ঘটনা।’
পুলিশ বলছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একই কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন আর হাসপাতালে নেয়ার পর আরো তিনজনের প্রাণ যায়। লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ বি বলেন, রেহেনা বেগম ঘটনাস্থলে মারা গেছেন। অন্য তিনজন হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।
হতাহতদের বন্ধু জিসান বলেন, ‘আমরা চার বন্ধু শুক্রবার রাতে ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেনে কক্সবাজার যাচ্ছিলাম। তাদের (হতাহত) সঙ্গে রাতেও কথা হয়েছিল। তারা বলেছিল, আমরা কক্সবাজারে পৌঁছার পর দেখা করে বাড়ি চলে আসবে। সকালে আমি দ্বীপকে ফোন দিলে সে জানায় তারা চলে যাচ্ছে। পরে ঝিনাইদহ থেকে ফোনে আমাদের জানানো হয়েছে, বন্ধুরা অ্যাকসিডেন্ট করেছে।’
এদিকে, মেহেরপুরে বালিবাহী শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে সানজিদা আক্তার নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লাটাহাম্বা ও চালককে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
এছাড়া রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর মাছের আড়তের সামনে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মাঝে পড়ে মোহাম্মদ আনোয়ার হোসেন (৫০) নামে এক পানি বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের লাঙ্গলবাদ রোডে সড়ক দুর্ঘটনায় সাদিকুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মালিথিয়া গ্রামের মো. রাশেদুল ইসলামের ছেলে। সে লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় সূত্র জানায়, সাদিকুল ইসলাম বাইসাইকেলে লাঙ্গলবাদ বাজার থেকে টিকারবিলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘাতক মোটরসাইকেল ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


