
গাজীপুরে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনকে হত্যা
মে ৯, ২০২৬
রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
মে ৯, ২০২৬যুক্তরাষ্ট্রে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। আজ শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়।
এর আগে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮ টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে ০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন (২৭) যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছিলেন।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশী পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনা ফেলার কালো ব্যাগের মধ্যে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়। এর দুদিন পর প্রায় কাছাকাছি স্থানে কালো ব্যাগের ভেতর বৃষ্টির মরদেহের সন্ধান মেলে।
একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়।


