মে দিবসের আলোচনায় আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা সেটি এখন প্রতিষ্ঠিত সত্য
মে ২, ২০২৬
শ্রীলংকা ক্রিকেট বোর্ডে পালাবদল, ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন
মে ২, ২০২৬
মে দিবসের আলোচনায় আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা সেটি এখন প্রতিষ্ঠিত সত্য
মে ২, ২০২৬
শ্রীলংকা ক্রিকেট বোর্ডে পালাবদল, ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন
মে ২, ২০২৬

শ্রমিক সমাবেশে জামায়াত আমির যুগ যুগ ধরে শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‌যুগ যুগ ধরে রাজনৈতিক নেতা-নেত্রীর অবস্থানের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে গতকাল বিকালে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

বছরের ৩৬৪ দিন সবাই শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও ১ মে দরদি ও আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে বলে মন্তব্য করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘‌বামপন্থীরা শ্রমিকদের নিয়ে আন্দোলন শুরু করলেও অনেক সময় আন্দোলন শক্তিশালী হলে তারা নিজেদের সুবিধা নিয়ে সন্তুষ্ট হয়ে যায়। ফলে শ্রমিকদের বাস্তব অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। সারা বছর শ্রমিক অধিকারের কথা বলা হলেও বাস্তবায়নের সময় তা উপেক্ষিত থাকে। শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।’

শফিকুর রহমান বলেন, ‘‌বিদেশে অনেক কষ্ট করে প্রবাসীরা টাকা আয় করেন। সেই টাকা দিয়ে তারা বিদেশে প্রাসাদ না বানিয়ে দেশে পাঠান। তবে এ রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেয়া হয় না। বিদেশে মিশন, হাইকমিশন, অ্যাম্বাসি বা বড় বড় কর্মকর্তা থাকলেও প্রবাসীদের ভোগান্তি পোহাতে হয়। তারা পাসপোর্ট রিনিউ করতে গেলে দালালদের খপ্পরে পড়ে বিড়ম্বনার শিকার হন। সংগত বা অসংগত কারণে কেউ চাকরি হারালে তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না।’

প্রবাসীদের দাবির বিষয়ে ঠিকমতো কথা বলা হচ্ছে না বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘‌প্রবাসীদের মর্যাদা যেন নিশ্চিত করা হয়। তাদের প্রয়োজনে যেন দেশ এবং সরকার পাশে দাঁড়ায়। যেসব দেশে অ্যাম্বাসি প্রবাসীদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে না পারে, সেখানে এম্বাসি থাকার দরকার নেই। এম্বাসির কাজ কিছু কর্মকর্তা-কর্মচারীকে লালন-পালন করা নয়, দেশের জনগণের স্বার্থ রক্ষা করাই তাদের কাজ।’

সংসদীয় রাজনীতিতে সংসদ হবে সবকিছুর কেন্দ্রবিন্দু উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘‌বিরোধী দল গালগল্প করা বা ইতিহাসের মাস্টার হতে সংসদে যায়নি। সেখানে বিরোধী দল গেছে দুঃখী মানুষের পক্ষে কথা বলতে। শ্রমিকদের অধিকারের বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে লড়াই চলবে। শ্রমিকদের ন্যায্যতা ও মর্যাদা যত দিন প্রতিষ্ঠিত না হবে, তত দিন লড়াই অব্যাহত থাকবে।’

আয়োজক সংগঠনের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *