যবিপ্রবিতে হট্টগোল-উত্তেজনা
এপ্রিল ১৯, ২০২৬
স্থানীয় নির্বাচনে ঘুরে দাঁড়াতে চায় ইসলামপন্থি সাত দল
এপ্রিল ১৯, ২০২৬
যবিপ্রবিতে হট্টগোল-উত্তেজনা
এপ্রিল ১৯, ২০২৬
স্থানীয় নির্বাচনে ঘুরে দাঁড়াতে চায় ইসলামপন্থি সাত দল
এপ্রিল ১৯, ২০২৬

তিন জেলায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

তিন জেলায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে পৃথকভাবে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চুয়াডাঙ্গা ও নারায়ণগঞ্জে দুজন করে ও ময়মনসিংহে একজন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

চুয়াডাঙ্গা: সকালে ও দুপুরে উপজেলার নাটুদা ও কুড়ুলগাছি ইউনিয়নে ঘটে এ হৃদয়বিদারক দুটি ঘটনা। একদিনে দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সকাল সাড়ে ৯টার দিকে নাটুদা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা যায় রুফাইয়িত হোসেন (৪)। সে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে।

স্বজনরা জানান, মায়ের সঙ্গে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে রুফাইয়িত। সকালে বাড়ির পাশে খেলাধুলা করতে করতে একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর কয়েক ঘণ্টা পর দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর খামারীপাড়ায় আনোয়ার হোসেনের নয় মাস বয়সী শিশুকন্যা আনিসা অসাবধানতাবশত বাড়ির পাশের একটি পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, একটি ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য ঘটনায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ময়মনসিংহ: গফরগাঁওয়ে পুকুরে ডুবে তাওসির নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাওসির ওই গ্রামের সাইফুল শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সবার অজান্তে তাওসির ঘরের পেছনের একটি পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সে পুকুরে পড়ে ডুবে যায়। তাওসিরকে ঘরে দেখতে না পেয়ে বাবা-মাসহ স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা চিৎকার দেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ: শহরের সিটি পার্ক লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ১৭ এপ্রিল দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে জল্লারপাড় এলাকার ওই লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো আল আমিন (১০) ও ইব্রাহিম (৮)। তারা সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিল মার্কেট এলাকায় আলমাস মিয়ার বাসায় ভাড়া থাকত।

শিশু দুটির মা-বাবা জানান, বিকালে আল আমিন ও ইব্রাহিম লেকের সামনে বসা মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর অনেক সময় পার হলেও তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে লেকের পাড়ে গিয়ে তারা দুই শিশুর পরনের পাঞ্জাবি ও জুতা পড়ে থাকতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় লেকে নেমে খোঁজাখুঁজি চালানো হয়। কিছু সময়ের মধ্যে প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমকে পানি থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *