কৃষিখাদ্য খাতে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে ইইউর
এপ্রিল ১৭, ২০২৬
মার্চে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড উল্লম্ফন
এপ্রিল ১৭, ২০২৬
কৃষিখাদ্য খাতে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে ইইউর
এপ্রিল ১৭, ২০২৬
মার্চে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড উল্লম্ফন
এপ্রিল ১৭, ২০২৬

নিরীক্ষকের মতামত ন্যূনতম শেয়ারধারণ ও মূলধনের শর্ত পূরণ করেনি অগ্রণী ইন্স্যুরেন্স

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোক্তা পরিচালকরা বিধি অনুসারে পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ শেয়ার ধারণ করতে ব্যর্থ হয়েছে।

তাছাড়া কোম্পানিটি ন্যূনতম পরিশোধিত মূলধনসংক্রান্ত শর্তও পূরণ করতে পারেনি। সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ-সংক্রান্ত মতামত দিয়েছেন কোম্পানিটির নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষকের মতামত অনুসারে, সাধারণ বীমা কোম্পানির ক্ষেত্রে বিধি অনুসারে উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে সবসময়ের জন্য পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ শেয়ারধারণের বাধ্যবাধকতা রয়েছে। যদিও অগ্রণী ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকদের কাছে কোম্পানিটির ২৭ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে, যা সংশ্লিষ্ট বিধির লঙ্ঘন। পাশাপাশি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) শর্তানুসারে, সাধারণ বীমা কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম ৪০ কোটি টাকার পরিশোধিত মূলধন থাকার বাধ্যবাধকতা রয়েছে। যদিও কোম্পানিটির পরিশোধিত মূলধন এ ন্যূনতম সীমার নিচে রয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি অগ্রণী ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪২ পয়সায়। এদিকে ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৪ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৫ এপ্রিল।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে অগ্রণী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৮১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে অগ্রণী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৮৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়।

অগ্রণী ইন্স্যুরেন্সের সর্বশেষ সার্ভিল্যান্স সিপিএ (দাবি পরিশোধের সক্ষমতা) রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৬ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৭ কোটি ৭০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৬০ লাখ ১৮ হাজার ৬৯৮। এর ২৭ দশমিক ৭৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৭৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৪ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।

গতকাল ডিএসইতে অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার সর্বশেষ ২১ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৭ টাকা ৫০ থেকে ২৯ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *