
শ্রেণীকক্ষে পাঠদান বাড়াতে নিয়োগ দেয়া হবে অবসরপ্রাপ্ত শিক্ষকদের
এপ্রিল ১৩, ২০২৬
ইলিশ উৎপাদন দুই বছরের ব্যবধানে কমেছে ১২ শতাংশ
এপ্রিল ১৪, ২০২৬আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনকে ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, পহেলা বৈশাখে এ কর্মসূচি শুরু হওয়ায় দিনটির গুরুত্ব আরো বেড়েছে। আজ সকাল ১১টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পরিদর্শনের সময় কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী জানান, দেশের প্রায় ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত। কৃষকদের উন্নয়ন হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কৃষক যেন ন্যায্য মূল্য ও অধিকার পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরো জানান, একদিকে বাংলা নববর্ষের প্রথম দিন, অন্যদিকে দেশের প্রথম কৃষক কার্ড কর্মসূচির যাত্রা হওয়ায় দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে টাঙ্গাইলসহ দেশের ১১টি স্থানে কার্যক্রম শুরু হবে। পরে তা পরীক্ষামূলকভাবে চালিয়ে পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, এ কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইলের মানুষ আনন্দিত। এই জেলায় উদ্বোধন হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি আরো বলেন, আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত টাঙ্গাইলে এ কর্মসূচি শুরু হওয়া গর্বের বিষয়। আগামীকালের অনুষ্ঠানে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে বলে আশা করা হচ্ছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, পহেলা বৈশাখ বাঙালির গুরুত্বপূর্ণ উৎসব। এদিন প্রধানমন্ত্রী স্টেডিয়াম থেকে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ, কৃষি ঋণসহ নানা সুবিধা পাবেন।
স্টেডিয়ামের চারপাশের অবৈধ স্থাপনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে মাঠ সংস্কারের কাজ শুরু করা হবে। স্টেডিয়ামের সমস্যাগুলো চিহ্নিত করে সবার সহযোগিতায় সমাধান করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এ সংক্রান্ত কিছু সমস্যা তার নজরে এসেছে। আগামী ১৮ তারিখ সব জেলার যুব উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে একটি সভা করা হবে। দায়িত্বে অবহেলা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, জেলা প্রশাসক শরীফা হক, জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


