পাহাড়ে রঙ ছড়াচ্ছে বৈসাবি
এপ্রিল ৮, ২০২৬
ভেঙে দেয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল
এপ্রিল ৮, ২০২৬
পাহাড়ে রঙ ছড়াচ্ছে বৈসাবি
এপ্রিল ৮, ২০২৬
ভেঙে দেয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল
এপ্রিল ৮, ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাতজনের

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় সাতজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন ১৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। গতকাল ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ গোরস্তান মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫) এবং মাইজবাগ এলাকার আব্দুল আলিমের ছেলে জাহিদ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী অটোরিকশা ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিল। এ সময় মাইজবাগ গোরস্তান মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী জাহিদ এবং অটোরিকশার যাত্রী হাজির উদ্দিন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত আরো একজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সড়কের দুই পাশে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও তা নিরসনে কাজ করছে পুলিশ।’

কুমিল্লা: কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস জলাশয়ে পড়ে গেছে। এতে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো ১৫ জন। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরো ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বছর বয়সী শিশুর। নিহত শিশু উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে মো. রিফাত (৩)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিফাত আটোয়ারী-পঞ্চগড় সড়কের শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুলসংলগ্ন মার্কেট পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোবাইকে ধাক্কা লাগে। এতে রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে আসে। পরে রিফাতের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের ধাক্কায় তাহেরা বেগম (৭৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহেরা বেগম কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বেউলা এলাকার আলী আহমদের স্ত্রী। তিনি লোহাগাড়া পোস্ট অফিসসংলগ্ন ছেলের ভাড়া বাসায় থাকতেন। পরিবারের ভাষ্য, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের ছেলে নুরুল হাকিম বলেন, ‘দুপুরে বাসা থেকে বের হওয়ার পর মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতাল থেকে মৃত্যুর খবর আসে।’

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের তেল আনতে গিয়ে ট্রাকচাপায় মারা গেছেন অন্তর ও ইমন (১৯) নামে দুই বন্ধু। ঘটনাস্থলে অন্তর নিহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিন হাজীর বাড়ির রেজাউল হকের ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন। অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার-সংলগ্ন মৃধাবাড়ির একরামুল হকের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *