
আসিফ-আদিবকে নিয়ে পাঁচ সিটিতে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা
মার্চ ৩০, ২০২৬
হামে ১০০ শিশুর মৃত্যু, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
মার্চ ৩০, ২০২৬নেপালের নবগঠিত সরকার প্রথম বৈঠকেই শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের অংশ হিসেবে এরই মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল অনুমোদিত সব ধরনের ছাত্রসংগঠন নিষিদ্ধ করা হয়েছে।
এর পরিবর্তে ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যা শিক্ষার্থীদের প্রকৃত দাবি তুলে ধরবে।
দেশটির গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১০০ দফার একটি বিশাল সংস্কার কর্মসূচি নিয়েছে দেশটির সরকার। এ কর্মসূচির বড় অংশজুড়ে রয়েছে শিক্ষা খাত। শিক্ষা খাতের অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমানো এবং পড়াশোনাকে আনন্দদায়ক করার জন্য পঞ্চম শ্রেণী পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা। এর পরিবর্তে বিকল্প ও মনস্তাত্ত্বিক মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের সেশন জট কমিয়ে আনতে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সংগতি রেখে পরীক্ষার ফলাফল প্রকাশের বাধ্যবাধকতার কথাও জানিয়েছে নতুন সরকার।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে স্নাতক (অনার্স) পর্যায়ে ভর্তির জন্য এখন থেকে নাগরিকত্ব সনদের প্রয়োজনীয়তা তুলে দেয়া হয়েছে। এছাড়া শিক্ষকদের পেনশন ও রেকর্ড ব্যবস্থাপনা পদ্ধতিকে আগামী অর্থবছর থেকে প্রাদেশিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। নতুন সরকারের আশা, এসব সংস্কারের মূল লক্ষ্য হলো শিক্ষাকে আরো অন্তর্ভুক্তিমূলক, শিক্ষার্থীবান্ধব ও গবেষণাধর্মী করে গড়ে তোলা।
গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে নেপালে জেনজিরা বিক্ষোভ শুরু করেন এবং পরে তা সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ নেয়। জেনজিদের বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন।
অভ্যুত্থান-পরবর্তী নেপালে ৪ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে র্যাপার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানকারী তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৭৫ আসনবিশিষ্ট নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে আরএসপি এককভাবে ১৮২টি আসন লাভ করেছে। এর মধ্যে সরাসরি নির্বাচনে ১২৫টি এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ৫৭টি আসন পেয়েছে দলটি। ২৭ মার্চ প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ এবং নতুন সরকারের ১৪ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন।


